উদরপূর্তিতে কালা ভুনা
মজা করে কালা ভুনা রান্না এখন নিজেই করতে পারবেন।
বছরের অন্যান্য সময় রেস্তোরাঁয় গিয়ে কালা ভুনা খাওয়া হলেও, ঈদের সময়ে নিজে হাতে অনেকেই এই পদ রাঁধতে চান।
তাই রন্ধনশিল্পী তানভীন তিশা তুলে ধরছেন কালা ভুনা তৈরির রেসিপি।
রেস্তোরাঁয় সাধারণত চা-পাতা ফুটিয়ে, সেই পানিটা ব্যবহার করে মাংস ভুনা করা হয়। যে কারণে কালচে রং ধারণ করে। ভালো মতো মসলা দিয়ে কষানোর কারণে চায়ের স্বাদটাও বোঝা যায় না।
তবে এই রেসিপিতে চায়ের পাতা ব্যবহার না করে, কালা ভুনার স্বাভাবিক রংটাই রাখা হয়েছে।
উপকরণ
- বেরেস্তার জন্য
- সয়াবিন তেল ১/৪ কাপ
- সরিষার তেল ১/৪ কাপ
- পেঁয়াজ কুচি ১ কাপ
কষানোর জন্য
- গরুর মাংস ১ কেজি
- কাঁচা পেঁয়াজ কুচি আধা কাপ
- বেরেস্তা ১/৪ কাপ
- আদা-বাটা ১ টেবিল-চামচ
- রসুন-বাটা ১ টেবিল-চামচ
- ধনে-গুঁড়া ১ চা-চামচ
- জিরা-গুঁড়া ১ চা-চামচ
- মরিচ-গুঁড়া ১ চা-চামচ
- গরম মসলা আধা চা-চামচ
- লবণ স্বাদ মতো
- তেজপাতা ২টি
- দারুচিনি ২ টুকরো
- সবুজ এলাচ ৫টি
- কালো এলাচ ২টি
- তারা মৌরি ১টি
- আস্ত গোলমরিচ ৮-১০টি
বাগারের জন্য
- সরিষার তেল ৩ টেবিল-চামচ
- শুকনা মরিচ ২টি
- রসুন-কুচি ২ টেবিল-চামচ
- পেঁয়াজ-কুচি ১/৪ কাপ
- পাঁচ ফোড়ন ১ চা-চামচ
- ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ
- যে কোনো রেডি মিক্স মাংসের মসলা আধা চা-চামচ
পদ্ধতি
একটি পাত্রে সয়াবিন ও সরিষার তেল নিন। তাতে পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। হালকা বাদামি হওয়া শুরু করলে তেল ঝরিয়ে আলাদা পাত্রে উঠিয়ে নিন।
রেখে দেওয়া বেরেস্তার তেলে সবুজ ও কালো এলাচ, দারুচিনি, তেজপাতা ও তারা মৌরি দিয়ে দিন। অল্প আঁচে কিছুক্ষণ ভাজুন।
ভাজা মসলাতে গরুর মাংস ও স্বাদ অনুযায়ী লবণ দিন। তাতে সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে নাড়তে থাকুন।
এরপর তাতে আস্ত গোলমরিচ, পেঁয়াজ কুচি ও বেরেস্তা দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করতে থাকুন। মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত অল্প অল্প করে পানি দিন ও কষাতে থাকুন।
মাংস কষানো হয়ে গেলে রং কালচে হয়ে তেল ওপরে উঠে আসবে।
অন্য একটি পাত্রে সরিষার তেল, পেঁয়াজ, রসুন কুচি, শুকনা মরিচ ও পাঁচ ফোড়ন নিয়ে অল্প আঁচে ভাজুন। ভাজা হয়ে গেলে কষানো মাংসতে ঢেলে নাড়তে থাকুন। এবার রেডি মিক্স ও গরম মসলা দিয়ে দিন।
প্রয়োজন মতো পানি দিয়ে, আরও কিছুক্ষণ রান্না করুন মাংসের স্বাদ আসা পর্যন্ত।
রান্না হয়ে গেলে বেরেস্তা ছড়িয়ে দিন।
গরম গরম পোলাও ও রাইতার সাথে পরিবেশন করতে পারেন দারুণ মজাদার গরুর কালা ভুনা।
আরও পড়ুন
