রজনীকান্তের ‘জেলার’: ১১ দিনে আয় ৫০০ কোটি রুপি
যুক্তরাষ্ট্র থেকেই এ সিনেমা ঘরে তুলেছে ৫০ লাখ ডলার।
তার বয়স ৭৩, অর্ধেক মাথাজুড়ে টাক। কিন্তু তার সিনেমা মানে রাজ্যে রাজ্যে ছুটি, উদযাপন। ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সেই মহাতারকা রজনীকান্ত ‘জেলার’ সিনেমা দিয়ে দুবছর পর বড় পর্দায় ফিরেছেন।
সেই প্রত্যাবর্তন কেমন? এনডিটিভি জানিয়েছে, মুক্তির ১১ দিনের মধ্যে দুনিয়ারজুড়ে ৫০০ কোটি রুপির ব্যবসা করেছে রজনীকান্তের ‘জেলার’ সিনেমা।
প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স জানিয়েছে, রজনীকান্ত অভিনীত ১৬৯তম সিনেমা হল ‘জেলার’। নেলসন দিলীপকুমার পরিচালিত 'জেলার' একটি অ্যাকশন ফিল্ম। তবে ‘জেলার’ থালাইভা খ্যাত রজনীকান্তের ‘এনথিরান’ সিনেমার সিক্যুয়েল, যা ২০১০ সালে ব্লকবাস্টার হয়েছিল।
গত ১০ অগাস্ট মুক্তি পাওয়া ‘জেলার’-এ এই মহাতারকার সঙ্গে শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, সুনীল, রাম্য কৃষ্ণন, তামান্না ভাটিয়া, যোগী বাবু, বসন্ত রবি, মোহনলালের মত তারকাদের পাওয়া গেছে।
সান পিকচার্স বলছে, যুক্তরাষ্ট্র থেকে তাদের এই সিনেমাটি ঘরে তুলেছে ৫০ লাখ ডলার।
এছাড়া সিনেমার ‘হুকুম’ গানটি মিউজিক অ্যাপ ‘স্পটিফাই’তে ভারতের দক্ষিণী গান হিসেবে এক নম্বর স্থান দখল করেছে। গানটি গেয়েছেন অনিরুদ্ধথ রবিচন্দর এবং লিরিক লিখেছেন সুপার সুবু।
কি আছে জেলারে?
তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি-এই চার ভাষায় মুক্তি পেয়েছে ‘জেলার’। রজনীকান্ত অভিনীত চরিত্রটির নাম মুথু পান্ডিয়ান; মুথু ও পান্ডিয়ান নামে তার আলাদা দুটি সিনেমাও আছে।
‘জেলারে’ রজনীকান্ত একজন অবসরে যাওয়া আইনজীবী, স্রোতের বিপরীতে বাস করা একজন মানুষ। সমাজ সংস্কার এবং অসঙ্গতির বিরুদ্ধে যিনি আইন নিজের হাতে তুলে নিতে দ্বিধা করেন না।
অপরাধ ও অপরাধী নির্মূলে কোনো কিছুর পরোয়া না করে কাজ করেন পান্ডিয়ান। তাতে তিনি আলোচিত এবং সমালোচিতও।
রজনীকান্তর সিনেমা মানেই ধরে নেওয়া হয় ধুন্ধুমার অ্যাকশনে হুলুস্থুল বেঁধে যাবে। তার মারকুটে চরিত্রগুলোর মারধর-লাথি-ঘুষিতে শত্রুরা উড়ে গিয়ে দূরে কোথাও গিয়ে পড়ছে এমন দৃশ্য দেখে দর্শকরা অভ্যস্ত।
এদিক থেকে ‘জেলার’ ব্যতিক্রম। ক্যারিয়ারে ১৬৯তম এই সিনেমায় প্রচুর অ্যাকশন থাকলেও রজনীকান্তকে তেমন কোনো মারপিটে দেখা যায়নি।
দর্শকরা মাতামাতি করছেন সিনেমায় রজনীকান্তের অভিনয় নিয়ে, তার নায়কোচিত পারফরমেন্সের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।
সিনে সমালোচকরা বলছেন, নির্মাতা নেলসন দিলীপকুমার অভিনয় জীবনের শেষ প্রান্তে থাকা রজনীকান্তকে একজন দারুণ অভিনেতা হিসেবে ফের তুলে ধরেছেন।
‘জেলার’ এর আগে রজনীকান্তের সিনেমা ছিল ‘আন্নাথে’। তবে ওই সিনেমায় রজনীকান্তের পারফরমেন্স কিছুটা ফিকে ছিল বলে ভাষ্য সংবাদমাধ্যমের।
রজনীকান্তের হাতে আরও দুটি সিনেমা রয়েছে। বর্তমান ব্যস্ততা তার মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত পরিচালিত ‘লাল সালাম’ সিনেমা নিয়ে।
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘাতের গল্পের এই সিনেমায় রজনীকান্তকে পাওয়া যাবে ‘মঈদীন ভাই’ নামের এক চরিত্রে।
পরেরটি কাজটি তিনি করবেন নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে। দক্ষিণের এই পরিচালকের নির্মাণে জীবনের ১৭১তম সিনেমাটি করে ৪৮ বছরের ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন রজনীকান্ত।
রজনীকান্ত বলেছেন, একজন পেশাদার অভিনেতা হিসেবে নিজের শেষ অধ্যায় যাতে নিখুঁত হয়, সবরকমভাবে তা নিশ্চিত করতে চাইছেন তিনি।
তবে সর্বশেষ সিনেমাটির নামধাম সম্পর্কে এখনও কিছু বলেননি তিনি।
পুরনো খবর
