কেন শাহরুখকে ক্যামিও চরিত্রে আনেননি করণ?
করণ বলেন, “বারবার তো আমি তার সহযোগিতা চাইতে পারি না, তাহলে সম্পর্কে আস্থা থাকে না।“
শাহরুখ খানকে নিয়ে ক্যারিয়ারে প্রথম সিনেমা করেই বাজিমাত করেছিলেন বলিউডের নির্মাতা করণ জোহর, পরে কেবল পেশাদার সম্পর্কে আটকে থাকেনি তাদের সম্পর্ক। তারা হয়ে যান বন্ধু, একে অপরের সহায়। আর সেই বন্ধুত্ব টিকিয়ে রাখতেই নায়কের কাছে অহেতুক আব্দার রাখেন না করণ।
করণ হঠাৎ করে কেন বললেন এই কথা?
এর কারণ দর্শক থেকে শুরু করে বলিউড পাড়ার অনেকে আশা করেছিলেন, এই নির্মাতা তার কামব্যাক সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’তে ক্যামিও চরিত্রে আনবেন শাহরুখকে। যেভাবে এনেছিলেন তার ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’ সিনেমায়। তো এই সিনেমায় নয় কেন?
পিংকভিলাকে এই প্রশ্নের উত্তরে করণ বলেন, “‘ইয়ে দিল হ্যায় মুশকিল’ সিনেমায় শাহরুখ বিশেষ চরিত্রে অভিনয় করেন, ব্যাপারটা এক কথায় শেষ করা যায় না। ওই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যে কাজ করেছিলেন তিনি। আমি মনে করি আমাকে তিনি উদ্ধার করেছিলেন। বারবার তো আমি তার সহযোগিতা চাইতে পারি না। তাহলে সম্পর্কে আস্থা থাকে না।“
করণ জানান, অয়ন মুখার্জির ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমায় ক্যামিও চরিত্রটি শাহরুখ করেছেন বিনা পারিশ্রমিকে।
“ভাবতে পারনে? তার মত একজন তারকা অয়নের সিনেমায় টানা ১৮দিন কাজ করে একটি পয়সাও নেননি। এবং সেখানে শাহরুখ কাজ করেছেন তার সমস্ত হৃদয় দিয়ে। ‘ব্রক্ষ্মাস্ত্রের’ পর আমিও যদি তার কাছে ফের ক্যামিওর আব্দার নিয়ে যেতাম, শাহরুখ কখনোই না করতেন না। কিন্তু আমার দিক থেকে সেটি করা সম্ভব ছিল না। “
গত মাসে মুক্তি পাওয়া করণের তারকাবহুল সিনেমায় ক্যামিও চরিত্রে কাজ করেছেন জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, সারা আলী খান ও অনন্যা পাণ্ডে। বক্স অফিসে সিনেমাটি খারাপও করছে না।
প্রেম ও পারিবারিক গল্পের এই সিনেমায় আলিয়া ভাট এক বাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। আলিয়ার চ্যাটার্জি পরিবারের সদস্য শাবানা আজমি, টোটা রায় চৌধুরী, নমিত দাস ও চূর্ণী গাঙ্গুলী।
অন্যদিকে আছে সিনেমায় আলিয়ার প্রেমিক রণবী সিংয়ের রান্ধাওয়া পরিবার; সেখানে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, আমির বশির, ক্ষিতি জোগ ও অঞ্জলি আনন্দকে দেখা গেছে।
