১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টোটার চরিত্রটি আমার নিজের আদলে বানানো: করণ

করণ বলেন,” আমার নাচের সত্ত্বা, শরীরী ভাষা সবার স্বাভাবিক লাগেনি, বেশিরভাগ মানুষ আমাকে নিয়ে হাসিঠাট্টা করেছে।“

গ্লিটজ ডেস্ক

Published : 01 Aug 2023, 02:29 PM

Updated : 01 Aug 2023, 03:20 PM

‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় নায়িকা আলিয়ার বাবার চরিত্রে আসা কত্থক শিল্পী টোটা রায়চৌধুরীকে নিজের আদলে গড়েছেন বলে জানালেন নির্মাতা করণ জোহর।

হিন্দুস্তান টাইমস বলছে, সিনেমার মঞ্চে টোটার কত্থক নাচের দৃশ্যটিও জনপ্রিয়তা পেয়েছে। গল্পের কোন প্রয়োজনে নায়িকার বাবার স্টেজ পারফর্মেন্স এবং তার সঙ্গে কেন নায়ক রণবীরের সঙ্গত করার প্রয়োজন হল, তা খোলাসা করেছেন করণ।

তিনি বলেন, টোটা মঞ্চে কত্থক নাচ নেচে হলভর্তি মানুষের তীর্যক মন্তব্য এবং টিপ্পনির শিকার হন। কারণ বহু মানুষের ধারণা হল, নাচ, বিশেষ করে কত্থক নাচবেন কেবল নারীরা। তো সে সময় টোটার পাশে দাঁড়ান আলিয়ার প্রেমিকা রণবীর সিং। হবু শ্বশুরের অপমানের জবাব দিতে তার অনুরোধে রণবীরকে নিয়ে টোটা নতুন করে নাচটি নাচেন। 

‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গে রণবীর-টোটার নাচটিও সিনেমার বাইরে আলাদা করে জনপ্রিয় হয়েছে বলে জানান করণ।

এ ঘটনার সঙ্গে টোটার চরিত্র আর করণের ব্যক্তিজীবনের সাদৃশ্য কোথায়– এ প্রশ্নে হিন্দুস্তান টাইমসকে এই নির্মাতা বলেন, “আমিও ছোট থেকে হিন্দি সিনেমার গানের সঙ্গে বাসায় নাচতাম। টোটার জীবনের গল্পও তেমন। সে ছোট থেকে নাচের তালিম নিয়েছে জীবনের একপর্যায়ে গুরুজি হবে বলে।

“আমার নাচের প্রতি আগ্রহের ব্যাপারটি আমার বাবা ইতিবাচক হিসেবে নিয়েছিলেন। ‘ডফলি ওয়ালে’ গানের সঙ্গে আমার নাচ দেখে বাবা প্রশংসাই করেতেন, আমাকে তালি দিয়ে উৎসাহ দিতেন। যখন বাড়িতে আমার বা বাবার বন্ধুরা আসতেন, বাবা বলত, করণ সবাইকে ওই নাচটা করে দেখাও। এই সময়ে কেউই আমায় বলেননি এর মধ্যে ভুল কিছু ছিল। তাই আমিও এর পরে আস্তে আস্তে বড় হই এটা ধরে নিই যে, এর মধ্যে কোনো কিছু ভুল নেই। “

কিন্তু কলেজে যাওয়ার পর করণের ধারণা বদলায়।

তিনি বলেন, “তখন বুঝতে পারি, আমি যা ভাবছি, তা ঠিক নয়। আমার নাচের সত্তা, শরীরী ভাষা সবার স্বাভাবিক লাগেনি, বেশিরভাগ মানুষ আমাকে নিয়ে হাসিঠাট্টা করেছে।“

করণ বলেন, “আমি সমালোচনা, বাঁকা মন্তব্য শুনেই বড় হয়েছি। এগুলো আমার মনের মধ্যে গেঁথে আছে। আর তাই বলতে পারি, টোটার চরিত্রটা আমার এই ছোটবেলার স্মৃতি থেকেই বানানো।’

করণের ভাষ্য, প্রতিভার কোনও নারী-পুরুষ হয় না। লিঙ্গবৈষম্যের এই ধারণায় তিনি বিশ্বাসী নন বলেও জানিয়েছেন। 

২৮ জুলাই মুক্তির পর থেকে সিনেমাটি ‘ভালো’ চললেও বাণিজ্য বিশ্লেষকদের প্রত্যাশা অতটা পূরণ করতে পারেনি। 

যদিও প্রেম ও পারিবারিক গল্পের এই সিনেমায় সব ধরনের রসদই রেখেছেন করণ। ১৭৮ কোটি রুপির বাজেটের এ সিনেমায় আলিয়া-রণবীরের রসায়ন, শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্রর মত তারকাদের উপস্থিতি, অরিজিৎ সিংয়ের গান, দেশ-বিদেশের দুর্দান্ত সব লোকেশনে শুটিং- সবই আছে।

সিনেমার গল্প এগিয়েছে এমন এক জুটিকে ঘিরে, যারা একে অপরের থেকে একদম আলাদা। কারণ নায়িকা বাঙালি পরিবারের আর নায়ক পাঞ্জাবি তরুণ। কিন্তু তা সত্ত্বেও তারা একে অপরের প্রেমে পড়েছেন। এবং রকি-রানির প্রেমকে ঘিরে তাদের দাদু-ঠাকুমাও হারানো প্রেম খুঁজে পায়। 

সিনেমায় আলিয়া এক বাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। আলিয়ার চ্যাটার্জি পরিবারের সদস্য শাবানা আজমি, টোটা রায় চৌধুরী, নমিত দাস ও চূর্ণী গাঙ্গুলী।

অন্যদিকে আছে সিনেমায় আলিয়ার প্রেমিক রণবীরের রান্ধাওয়া পরিবার; সেখানে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, আমির বশির, ক্ষিতি জোগ ও অঞ্জলি আনন্দকে দেখা গেছে।

আরও পড়ুন

‘হোয়াট ঝুমকা’র রিলসে দীপিকা-রণবীর

 চুম্বন দৃশ্য নিয়ে যা বললেন ধর্মেন্দ্র

রণবীরের ঠাকুমা জয়াকে দারুণ পছন্দ শ্বেতার

বাংলা বলার ‘রির্হাসেল’ করে কলকাতায় আলিয়া

আলিয়ার ‘খেলা হবে’ সংলাপ বাদ, কয়েক দৃশ্যে সেন্সরের কাঁচি

রবীন্দ্রনাথকে ‘দাদু’ ডাকায় ক্ষেপেছে দর্শক

‘খেলা হবে’ এবার বলিউডে আলিয়া ভাটের মুখে

করণের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দেখার অপেক্ষা বাড়ল

‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক করণের জন্মদিনে

‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র ‘রান্ধাওয়া’ ও ‘চ্যাটার্জি’ পরিবারের লুক প্রকাশ