১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

করণের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দেখার অপেক্ষা বাড়ল

সিনেমা মুক্তির নতুন তারিখ জানিয়ে করণ জহর বলেছেন, ‘সবর কা ফল মিঠা হোতা হ্যায়’।

করণের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দেখার অপেক্ষা বাড়ল

রকি আউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাচ্ছে আগামী ২৮ জুলাই

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2023, 12:46 PM

Updated : 03 Feb 2023, 12:46 PM

সাত বছর পর ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ নামের যে সিনেমা নিয়ে বলিউডের নির্মাতা-প্রযোজন করণ জোহরের ফেরার কথা ছিল চলতি এপ্রিলে, সেই সিনেমা মুক্তির তারিখ পিছিয়েছে আরও দুইমাস।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, এপ্রিলে নয়, ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৮ জুলাই।

তবে ট্রেইলার প্রকাশের পর শোনা গিয়েছিল রকি আউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে ১০ ফেব্রুয়ারি, পরে জানা গেল এপ্রিলে। এখন ইনস্টাগ্রামে নিজেই নতুন এই তারিখ জানিয়েছেন করণ।

 “ওরা বলে, ‘সবর কা ফল মিঠা হোতা হ্যায়” এই শিরোনামে একটি পোস্টে করণ লিখেছেন, ‘আমরা অনেক ভালোবাসা নিয়ে আসছি।“

‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’সহ অনেক দর্শকপ্রিয় সিনেমার নির্মাতা করণ জোহর। ছোটপর্দার জনপ্রিয় তারকালাপ ‘কফি উইথ করণ’ এর উপস্থাপক হিসেবেও বেশ জনপ্রিয় তিনি। দীর্ঘদিন পর তার নির্মিত ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি নিয়ে দর্শকরাও আগ্রহী।

নির্মাতার ভূমিকায় করণকে শেষ দেখা যায় ২০১৬ সালে ‘মুশকিল’ সিনেমায়। দীর্ঘ অনুপস্থিতির কারণ এর মাঝে কখনোই সেভাবে স্পষ্ট করেননি করণ। বিভিন্ন অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন এলে করণ বলেছেন ‘সবুর’ করতে।

‘গালিবয়’ সিনেমার পর ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে পর্দায় ফের জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। সিনেমা মুক্তির তারিখ দিয়ে পোস্ট দিয়েছেন রণবীরও।

Image

‘রকি আউর রানি কি প্রেম কাহানি’তে জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং

করণ তার এই সিনেমায় শাবানা আজমি, ধর্মেন্দ্র এবং জয়া বচ্চনের মত শক্তিশালী অভিনয় শিল্পীদেরও নিয়ে এসেছেন।

তিনি বলেন, “সাত বছর পর আমার প্রথম আবাস সিনেমাহলে ফেরার সময় এসেছে। আমার সিনেমার সেটে একজন নয়, আনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে কাজের সুযোগ আমার জন্য সম্মান বয়ে এনেছে।“

করণের ভাষ্য, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ বড় পর্দায় দেখার জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন, তাদের অপেক্ষার ফল ‘মিষ্টিই’ হবে।