১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনে একশ সিগারেট টেনেছিলেন সোনি রাজদান, জানতেনও না গর্ভে তখন আলিয়া

“যদিও আমি ধূমপান করি না। তবে ওই দৃশ্যের শুটিংয়ের পর, বারবার সিগারেট খেতে ইচ্ছে হত।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 11:33 AM

Updated : 17 Nov 2026, 11:33 AM

অভিনেত্রী সোনি রাজদানের গর্ভে তখন আলিয়া ভাট, সে সময় এমন একটি কাজ তিনি করেছিলেন, যাতে ‘বিপদ হতে পারত’। তবে কাজটি সোনি করেছিলেন না বুঝেই।

সেটি হল, একদিনে একশটি সিগারেট টেনে ফেলেন তিনি; তবে তা করতে হয় একটি সিনেমায় অভিনয়ের সময়।

সোনির এই ঘটনা সামনে আসে তার একটি সাক্ষাৎকারে। ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন ‘স্ক্রিন’ এর সঙ্গে কথাবার্তায় এই অভিনেত্রী এ কথা বলেন।

সোনি বলিউডের প্রভাবশালী প্রযোজক-পরিচালক মহেশ ভাটের স্ত্রী। আশির দশকে বিয়ের আগে থেকেই টেলিভিশন এবং সিনেমা-দুই মাধ্যমেই সমানতালে কাজ করতেন তিনি। বিয়ের পর সোনির কাজের সংখ্যা কমে যায়, তার পরিচিতি তৈরি হয় মহেশ ভাটের স্ত্রী হিসেবে।

মহেশ-সোনি দম্পতি দুই মেয়ে, শাহীন ভাট ও আলিয়া ভাট। সোনি তার সন্তানসম্ভবা অবস্থার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা জানিয়েছেন সেই সাক্ষাৎকারে।

১৯৮৬ সালে প্রথমবার ছোট পর্দায় কাজে নামেন সোনি। পরিচালক রমেশ সিপ্পি এবং জ্যোতি স্বরূপের ধারাবাহিক ‘বুনিয়াদ’-এর যখন কাজ শুরু করেন, তখন মাত্র সংসার জীবন শুরু করেছেন সোনি। বছর দুয়েক পরেই মাতৃত্বের স্বাদ পান অভিনেত্রী।

পরিচালক রমেশ সিপ্পি এবং জ্যোতি স্বরূপের প্রশংসা করে সোনি বলেন, তারা ছিলেন যত্নশীল মানুষ।

সোনি বলেন, “‘বুনিয়াদ’-এর শুটিং চলার সময় প্রথমবার সন্তানসম্ভবা হই। নতুন সংসার, নিজের গাড়ি ছিল না। সে সময় থাকতাম লোখাণ্ডওয়ালাতে, ওই সময়ে ওই এলাকা ততটা উন্নতও হয়ে ওঠেনি। ভোর ৬টায় শুটিংয়ে যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়া ছিল দুষ্কর। তাই ওনারা নিজেদের গাড়ি পাঠাতেন, যেন সেটে যেতে আমায় অকূল পাথারে পড়তে না হয়। এমনকি সেটেও সবচেয়ে সেরা ঘরটাই আমাকে দেওয়া হয়েছিল, যেন যত্নে কোনো ত্রুটি না হয়।”

১৯৮৮ সালে প্রথম সন্তান শাহীনের জন্ম হয়।

কয়েক বছর পর ১৯৯৩ সালে স্বামীর পরিচালনায় ‘গুমরাহ’ সিনেমায় অভিনয় করছিলেন সোনি। শুটিংয়ের সময়ে বুঝতেও পারেননি যে তিনি দ্বিতীয়বার গর্ভধারণ করেছেন।

ওই সিনেমার একটি দৃশ্যের প্রয়োজনে সিগারেট টানতে হয়েছিল অভিনেত্রী সোনি রাজদানকে।

সোনি বলেন, “সারাদিনে প্রায় ১০০ সিগারেট খেতে হয়েছিল। কিন্তু তখন তো আর জানতামই না যে গর্ভে আলিয়া এসেছে। যদিও আমি ধূমপান করি না। তবে ওই দৃশ্যের শুটিংয়ের পর, বারবার সিগারেট খেতে ইচ্ছে হত।”

চলতি বছর ‘সাখ: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজে সোনিকে দেখা গেছে। এছাড়াও মেয়ে আলিয়া ভাট এবং জামাতা রাণবীর কাপুরের বিভিন্ন কাজ সংক্রান্ত অনুষ্ঠানেও উপস্থিত থাকেন তিনি।