১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্যাকিং মেশিন ঘোষণা দিয়ে সিগারেট তৈরির মেশিন আমদানি

এসব মেশিনে সিগারেট কারখানা চালানো সম্ভব।

প্যাকিং মেশিন ঘোষণা দিয়ে সিগারেট তৈরির মেশিন আমদানি

সিগারেট তৈরি ও প্যাকিংয়ের মেশিন বুধবার আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 10:51 AM

Updated : 12 Nov 2026, 10:51 AM

প্যাকিং ও র‍্যাপিং মেশিন ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা সিগারেট তৈরি ও প্যাকিংয়ের সাতটি মেশিনের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

বুধবার চালানটি জব্দ করা হয় বলে পরদিন সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিআইআইডির পরীক্ষায় চালানে পাওয়া যায়—এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‍্যাপার বা সেলোফেন ওভারর‍্যাপার।

চালানে প্যাকিং মেশিনের পাশাপাশি সিগারেট তৈরির মেশিনও রয়েছে। এসব মেশিনে সিগারেট কারখানা চালানো সম্ভব বলে জানিয়েছে সিআইআইডি।

ঢাকার মিরপুরের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ থেকে চালানটি আমদানি করে।

চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্য চালানটি ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এতে প্যাকিং ও র‍্যাপিং মেশিনের এইচএস কোড ব্যবহার করা হয়েছে।

চালানটির ঘোষিত দামের সাথে চালানে পাওয়া মেশিনের মডেল, বয়স, অবস্থা এবং তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য ও প্রযোজ্য শুল্ক কর নির্ধারণ করা যাবে বলে জানিয়েছে সিআইআইডি।

সিআইআইডির তথ্যপত্র অনুযায়ী, রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানায়, সিগারেট তৈরির মেশিন আমদানি দেশের প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে হওয়া উচিত।

অধিদপ্তরের মতে, এভাবে যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার হলে সুপরিচিত ব্র্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে উৎপাদন ও বাজারজাত করার ঝুঁকি থাকে।

এতে ভোক্তাদের প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীদের ব্যবসায়িক ক্ষতি এবং সরকারের রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে।

প্যাকিং মেশিনের ঘোষণায় সিগারেট তৈরির উৎপাদন লাইন আমদানির এই ঘটনায় পণ্যের মিথ্যা ঘোষণার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আমদানিকারক প্রতিষ্ঠানের আমদানির সঠিকতা, সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার যাচাইয়ের বিষয়টি বিস্তারিত তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সিআইআইডি।