১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘খেলা হবে’ এবার বলিউডে আলিয়া ভাটের মুখে

বাংলাদেশ থেকে গিয়ে পশ্চিমবঙ্গ মাতিয়ে এবার বলিউডেও লাগল আঁচ।

‘খেলা হবে’ এবার বলিউডে আলিয়া ভাটের মুখে

`রকি  অউর রানি কি প্রেম কাহানি’তে  আলিয়া ভাট ও রণবীর সিং।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 09:59 PM

Updated : 04 Jul 2023, 11:27 PM

‘খেলা হবে’র উত্তাপ বাংলাদেশ থেকে গিয়ে পশ্চিমবঙ্গকে মাতিয়ে এবার বলিউডেও লাগাল আঁচ।

করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেইলার প্রকাশের পর আলিয়া ভাটের মুখে এই শব্দবন্ধ দেখে অনেক বাঙালিই চমকে উঠেছেন।

মঙ্গলবারই এই বলিউড সিনেমার ট্রেইলার প্রকাশ পায় টি সিরিজের ইউটিউব চ্যানেলে, যেখানে আলিয়ার সঙ্গে রণবীর সিংকেও দেখা গেছে।

রকি রূপী রণবীর আর রানি রূপী আলিয়ার এই প্রেম কাহিনীতে রয়েছে তারকার সমাহার; ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমীর সঙ্গে চূর্নী গাঙ্গুলী, টোটা রায় চৌধুরী, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো বাঙালি অভিনয়শিল্পীরাও রয়েছেন। সিনেমাটি ২৮ জুলাই মুক্তি পাওয়ার কথা।

৩ মিনিট ২১ সেকেন্ডের ট্রেইলারের ২ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় আলিয়া ভাটকে বলতে শোনা যায়- ‘খেলা হবে’।

প্রায় বাঙালি উচ্চারণেই শব্দবন্ধটি শোনা গেল গুজরাটি বাবা আর কাশ্মিরি মায়ের মেয়ে আলিয়ার কণ্ঠে, যার বেড়ে ওঠা ব্রিটেনে।

‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’ সিনেমায় আলিয়ার চরিত্রটি বাঙালি নারীর বলেই আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। হবু শ্বশুরবাড়ির কাউকে চ্যালেঞ্জ করে তিনি যখন খেলা হবে বলছিলেন, তখন তার পরনে ছিল পুরোপুরি বাঙালি সাজ।

‘খেলা হবে’ এই বাংলা শব্দবন্ধটির শুরুটা বাংলাদেশে। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান প্রথম ‘খেলা হবে’ স্লোগানটি তুলেছিলেন।

Image

শামীম ওসমান

সোশাল মিডিয়ার কল্যাণে তা দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গেও বিপুল জনপ্রিয় হয়ে ওঠে। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ‘খেলা হবে’ স্লোগানটি অনানুষ্ঠানিক নির্বাচনী স্লোগান হিসেবে ব্যবহার করে। এনিয়ে গানও হয় সেখানে।

সেই ‘খেলা হবে’ এখন পশ্চিমযাত্রায় বলিউডে স্থান করে নিল।