১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

‘দেবদাস’: পাওয়া যাচ্ছিল না ‘চুনীলাল’, জ্যাকি কেন রাজি হলেন

চরিত্রের সংলাপ পড়ে জ্যাকি জানিয়ে দিয়েছিলেন, তার উপস্থিতি যতই কম হোক, তাতে কোনো আপত্তি নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 02:45 PM

Updated : 11 Oct 2026, 02:45 PM

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দেবদাস’ বানাতে গিয়ে চুনীলার চরিত্রটি নিয়ে বিপাকে পড়েছিলেন পরিচালক সঞ্জয়লীলা বানসালি। বহুজনের কাছে প্রস্তাব গেলেও, সাড়া মেলেনি। সঞ্জয়লীলাকে বাঁচিয়ে দেন অভিনেতা জ্যাকি শ্রফ। প্রস্তাব পাওয়ার পর এক বাক্যে রাজি হয়ে যান বলে জানিয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তার চুনীলাল হয়ে ওঠার গল্প বলেছেন জ্যাকি।

তিনি বলেন, “কেউই ওই চরিত্রটা করতে চাইছিলেন না, কারণ শাহরুখ খান সেখানে দেবদাসের চরিত্রে অভিনয় করছেন। সবার নজর থাকবে শাহরুখের দিকে। যখন কেউ ওই চরিত্রটি করতে রাজি হলেন না, তখন প্রস্তাব আসে আমার কাছে। আমি একবাক্যে রাজি হই। বলি, ‘হ্যাঁ, আমি করব।

“পরে জিজ্ঞাসা করি আমার জন্য কি আছে কী আছে? নির্মাতা বলেন, ‘আপনার জন্য একটি গান এবং এই সংলাপগুলো রয়েছে’।”

সংলাপ পড়ে জ্যাকি জানিয়ে দিয়েছিলেন, তার উপস্থিতি যতই কম হোক, তাতে কোনো আপত্তি নেই।

জ্যাকির কথায়, “আমি সংলাপগুলো পড়লাম এবং বললাম, ‘বিরতির পরেও যদি আমার চরিত্র ঢোকে, তাতেও আমার কিছু যায় আসে না।”

যখন কোনো চরিত্র কেউ পছন্দ করে না, তখন সেটা তার কাছে যায় বলে জ্যাকি জানিয়েছেন। তবে তাতে তিনি মনক্ষুন্ন নন বলেও ভাষ্য তার।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের ওপর নির্মিত দেবদাস’ মুক্তি পায় ২০০২ সালের ১২ জুলাই। সিনেমায় দেবদাস চরিত্রে ছিলেন শাহরুখ খান, পার্বতী চরিত্রে ঐশ্বরিয়া রাই এবং চন্দ্রমুখীর ভূমিকায় মাধুরী দীক্ষিত।

অন্যান্য চরিত্রে জ্যাকি ছাড়াও কিরণ খের, দিনা পাঠকসহ আরও কয়েকজন অভিনয় করেন।

জ্যাকিকে শেষবার দেখা গিয়েছে ‘দ্য গ্রেট গ্র্যান্ড সুপারহিরো’-তে। তার নুতন সিনেমা ‘কালি খেতি’-র মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেতা। হরর ঘরানার সিনেমাটি মুক্তি পাবে চলতি মাসের ২৩ অক্টোবর।