১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জংলি’র গল্প প্রতিটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত: রহিম

“ঈদে চলচ্চিত্রের শুভ বার্তা দেখছি বলেই জংলি মুক্তির ঘোষণা দেওয়া হল।“

‘জংলি’র গল্প প্রতিটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত: রহিম
‘জংলি’ সিনেমার পোস্টার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 09:43 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

গেল এক বছর ধরে আলোচনায় থাকা সিনেমা ‘জংলি’ চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন এর নির্মাতা এম রাহিম।

সম্প্রতি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ করে রহিম বলেছেন, সিয়াম আহমেদ ও শবনম বুবলী জুটির রসায়ন দেখতে দর্শকদের আর বেশিদিন অপেক্ষায় রাখা হবে না।

মুক্তির জন্য ‘জংলি প্রস্তুত’ জানিয়ে গ্লিটজকে রাহিম বলেন, "পোস্ট প্রোডাকশনের কাজ শেষ, আমরা একটু আগে থেকে হাতে সময় নিয়ে প্রচারে যাচ্ছি। কারণ এর আগেও ঘোষণা দিয়ে শেষ মুহুর্তে কোয়ালিটির কথা চিন্তা করে আমরা মুক্তি থেকে পিছিয়ে যাই। এবারের রোজার ঈদে জংলি আসছে।“ 

মোশন পোস্টার প্রকাশ করে দর্শক সাড়া মিলেছে বলেও জানিয়েছেন রহিম। বিশেষ করে সিয়ামের ‘লুকের প্রশংসা’ করছে বলে ভাষ্য পরিচালকে।

শিগগিরই সিনেমার টিজার ও গান আসছে। 

রহিম বলেন, "সিনেমার গল্পটা এমন যেটা দেখে প্রেক্ষাগৃহ থেকে দর্শক তৃপ্তি নিয়ে বের হবেন, অন্যরকম অনুভূতি তৈরি হবে। জংলির গল্প প্রত্যেকটা মানুষের জীবনের সাথে খুব সম্পৃক্ত। সিনেমাটি দেখে মানুষ মনে করবে এটা আমার এলাকার ঘটনা।“

সত্য ঘটনা অবলম্বনে ‘জংলি’র গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সেঁজুতি সাহা।

‘জংলি’র মূল ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। আরও আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদীন দীঘি।  

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। 

অভিনয়শিল্পীদের নিয়ে রাহিম বলেন, "সিয়ামের এই সিনেমার জন্য দীর্ঘ একটা পরিশ্রম ছিল, যতদিন শুটিং হয়েছে তার লুক, অভিনয় সব কিছুই একদম চরিত্রের ভিতরে ঢুকে ছিলেন তিনি। আর দীঘি ও বুবলীর সঙ্গেও আমার প্রথম কাজ। দীঘির অভিনয় দেখে আমি খুব খুশি হয়েছি।

"বুবলীর অভিনয় দেখে দর্শক অবাক হবেন, ভিন্ন এক বুবলীকে দেখা যাবে এখানে।"

রোজার ঈদে 'জংলি' মুক্তির ঘোষণা বাংলা চলচ্চচিত্রের জন্য 'শুভ বার্তা' হিসেবে দেখছেন এই নির্মাতা।

তিনি বলেন, "এই ঈদে শাকিব খান আছেন, আফরান নিশো আছেন, সিয়াম আছেন। বাংলা চলচ্চিত্রে গত কয়েক বছর ধরেই দর্শক ভিন্ন ভিন্ন গল্পের অপশন খুঁজছে। আমার মনে হয় তিন অভিনেতার তিন ভিন্ন গল্পের সিনেমা দেখার অপেক্ষায় দর্শকও। 

“তাই ঈদে চলচ্চিত্রের 'শুভ বার্তা' দেখছি বলেই জংলি মুক্তির ঘোষণা দেওয়া হল। আমার বিশ্বাস সিনেমাটি সবাই আপন করে নিবেন।" 

 এর আগে গত কোরবানির ঈদে মুক্তির কথা ছিল ‘জংলি’র; কিন্তু সেবার ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে যায় ‘জংলি’ সিনেমার শুটিংয়ের সেট। ফলে শুটিং নিয়ে শিডিউল বিপর্যয় ঘটে এবং শেষ মুহুর্তে মুক্তি থেকে সরে যায় সিনেমাটি। 

এ সিনেমার চারটি গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এই চারটি গান আবার অ্যালবাম আকারেও আসবে, যা হবে ২০১৬ সালের পর প্রিন্স মাহমুদের প্রথম অ্যালবাম।

এই চারটি গানের মধ্যে একটি গান গেয়েছেন সংগীতশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা। গানের নাম 'জনম জনম’। 

গানটি নিয়ে ফেইসবুকে এক পোস্টে আতিয়া লিখেছেন, "প্রিন্স ভাইয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণ দারুণ। অনেক কিছু শেখার আছে। শিখেছিও অনেক কিছু।" 

জানা গেছে, গানের সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। ভালোবাসা দিবসে প্রকাশ হবে গানটি। 

আরও পড়ুন:

শুটিং ভেস্তে গেছে রেমালে, ঈদে আসছে না 'জংলি'

'জংলি'তে সিয়ামের নায়িকা বুবলী

অভিনব প্রচারে 'জংলি' টিম

কে এই 'জংলি' অভিনেতা!

'জংলির' চার গানই প্রিন্স মাহমুদের, আসবে অ্যালবামও

জংলিতে দীঘি, নিজেকে তৈরি করেছেন 'নতুনভাবে'