১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার সন্ধ্যায় মঞ্চে আসছে ‘খনা’

শুক্রবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘খনা’ নাটক মঞ্চস্থ হবে।

শুক্রবার সন্ধ্যায় মঞ্চে আসছে ‘খনা’
‘খনা’ নাটক। ছবি: নাট্যদল বটতলার সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2025, 11:49 AM

Updated : 26 Aug 2026, 12:32 PM

ঘরের বাইরে পা ফেলতে চাওয়া নারীর জন্য প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে, মঞ্চে সেই গল্পের নাটক নিয়ে আসছে নাট্যদল বটতলা। নাটকের নাম ‘খনা’।  

বিজ্ঞপ্তিতে বটতলা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘খনা’ নাটক মঞ্চস্থ হবে।

সামিনা লুৎফা নিত্রার লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

বটতলা বলছে, ‘খনা’ দেখতে হবে টিকেটের বিনিময়ে। টিকেট বুক করা যাবে ০১৭৬৫৯৭৮৯০৮ নম্বরে ফোন করে।

নাটকের গল্প নিয়ে নির্দেশক হায়দার বলেন, "নাটকে খনা একজন বিদুষী নারী, যার অন্য নাম লীলাবতী। গল্পটা অনেক পুরোনো, কিংবদন্তির ঘেরাটোপে বন্দি। তবু যতটুকু তল খুঁজে পাওয়া যায়, তাতে বোঝা যায় যে তিনি এক বিদুষী জ্যোতিষী, স্বামী মিহিরও একই বৃত্তিধারী।    

"রাজসভায় প্রতিপত্তি হারানোর ভয়ে প্রতিহিংসায় শ্বশুরের নির্দেশে স্বামী মিহির লীলাবতীর জিহ্বা কেটে দেন। এর কিছুকাল পরে মৃত্যু হয় লীলাবতীর। তবে আমৃত্যু লীলাবতী সত্যের প্রতীক হয়ে ছিলেন।"

নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবু আউদ আশরাফী; সুর ও সংগীত পরিকল্পনায় শারমিন ইতি, অনন্ত হিল্লোল, লোচন, হুমায়ূন আজম রেওয়াজ, শেঁউতি শাহগুফতা, বাকিরুল ইসলাম।

পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান ভূঁইয়া। কোরিওগ্রাফি করেছেন মোহামদ রাফি ও নাসির উদ্দিন নাদিম।