১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কনসার্টে দেরি, ম্যাডোনার বিরুদ্ধে মামলা

মামলার অভিযোগে বলা হয়, অনুষ্ঠান শুরুর সময় রাত সাড়ে ৮টা দেওয়া থাকলেও, রাত সাড়ে ১০টা পর্যন্ত মঞ্চে ওঠেননি ৬৫ বছর বয়সী এই সংগীতশিল্পী।

কনসার্টে দেরি, ম্যাডোনার বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের পপ তারাকা ম্যাডোনা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 03:49 PM

Updated : 20 Jan 2024, 03:50 PM

কনসার্ট শুরুর একটি নির্দিষ্ট সময় ছিল। সেই সময় মেপে মঞ্চে ওঠেননি যুক্তরাষ্ট্রের পপ তারকা ম্যাডোনা। এমন অভিযোগে ফের মামলায় ফাঁসলেন এই পপ তারাকা।

বিবিসি লিখেছে, মাইকেল ফেলো ও জোনাথন হ্যাডেন নামের ওই দুই ব্যক্তি ব্রুকলিন ফেডারেল আদালতে ম্যাডোনার বিরুদ্ধে মামলার করেছেন।

তাদের অভিযোগ, ম্যাডোনার 'সেলিব্রেশন ট্যুর'র অংশ হিসেবে বার্কলেস সেন্টারে ১৩ ডিসেম্বর আয়োজিত শো'র টিকিট কিনেছিলেন তারা। অনুষ্ঠান শুরুর সময় রাত সাড়ে ৮টা দেওয়া থাকলেও, রাত সাড়ে ১০টা পর্যন্ত মঞ্চে ওঠেননি ৬৫ বছর বয়সী এই সংগীতশিল্পী।

ওই শো দেরিতে শেষ হওয়ায় 'পরের দিন পরিবারের প্রতি দায়িত্ব পালনে' সমস্যা হয় এবং 'কাজে যেতেও দেরি হয়' বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

ফেলো ও হ্যাডেন আরও বলেছেন, কনসার্ট শেষে রাত ১টার পর তারা দুজন যখন বাসায় ফিরতে রওনা হন, তখন কোনো ধরনের গণপরিবহন তো দূরের কথা, রাইড শেয়ারিং অ্যাপেও গাড়ির খোঁজ তারা পাননি। ফলে নানা ভোগান্তি পেরিয়ে যে যার বাড়ি ফিরেছিলেন তারা। 

তারা আরও বলেন, পপ গায়িকা ম্যাডোনা সম্প্রতি তার কনসার্টগুলোয় ধারাবাহিকভাবে দেরি করে আসছেন।

এর আগেও একই অভিযোগে (দেরিতে শো শুরু) ম্যাডোনার বিরুদ্ধে মামলা করেন ন্যাট হলান্ডার নামের এক ব্যক্তি। তিনি ২০১৯ সালে ফিলমোর মিয়ামি বিচে ম্যাডোনার কনসার্ট দেখতে গিয়েছিলেন। সেদিনও নির্ধারিত সময়ের চাইতে দুই ঘণ্টা দেরিতে শো শুরু করেন ম্যাডোনা। পরদিন কাজে যেতে দেরি হবে মনে করে হলান্ডার শো না দেখেই বাড়ি ফিরে যান।

এছাড়া ২০২০ সালের শুরুর দিকে নিউ ইয়র্কের দুই ভক্তও তার বিরুদ্ধে একই অভিযোগে একটি মামলা করেন।

রক্তে মারাত্মক ব্যাক্টেরিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউ ঘুরে আসার পর গত বছরের অক্টোবর থেকে ম্যাডোনা তার স্থগিত হওয়া ‘সেলিব্রেশন ট্যুর’ শুরু করেন।

৮৪ দিনের ট্যুরটি শুরু হওয়ার কথা ছিল গত ১৫ জুলাই। কিন্তু গত ২৯ জুন খবর আসে, হাসপাতালে ভর্তি হয়েছেন এই শির্পী। পরে তার ম্যানেজার গাই ওসেরি জানিয়ে দেন, আপাতত ম্যাডোনার ওয়ার্ল্ড ট্যুর স্থগিত রাখতে হচ্ছে।

‘সেলিব্রেশন ট্যুরে’ ১৯৮৩ সালে প্রকাশিত নিজের নামের প্রথম অ্যালবাম থেকে শুরু করে ২০১৯ সালের ‘ম্যাডোনা এক্স’ অ্যালবামের সুপারহিট সব গানই গাইছেন ম্যাডোনা। বিভিন্ন শহরে মোট ৩৫টি শো করার পরিকল্পনা আছে তার।

সর্বশেষ ম্যাডোনাকে পারফর্ম করতে দেখা গেয়েছিল ২০১৯ সালের ম্যাডাম এক্স-এর শোগুলোতে। কিন্তু হাঁটু ও কোমরের ইনজুরির কারণে সেসময় বেশ কয়েকটি শো বাতিল করতে হয়। থিয়েটারভিত্তিক এক্সপেরিমেন্টাল সেই ট্যুরের শেষ দশটি শো ছিল প্যারিসে, সেগুলো বাতিল হয় কোভিড মহামারীর কারণে।

২০২০ সালে পর্তুগালের লিসবনে একটি অনুষ্ঠান বাতিল করে দুঃপ্রকাশ করেছিলেন ম্যাডোনা। সেসময় বলেছিলেন, “আমাকে অবশ্যই আমার শরীরের অবস্থাও বুঝতে হবে এবং বিশ্রাম নিতে হবে।”

আরও পড়ুন:

পুরানো খবর:

অবশেষে ‘সেলিব্রেশন ট্যুরের’ তারিখ জানালেন ম্যাডোনা

পুরানো খবর:

পরিবার ও বন্ধুদের ভালোবাসাই সেরা ওষুধ: ম্যাডোনা

পুরানো খবর:

সুস্থ হয়ে উঠছি, মঞ্চে ফিরব শিগগিরই: ম্যাডোনা

পুরানো খবর:

ম্যাডোনা হাসপাতালে, ‘ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত

পুরানো খবর:

‘গ্রেটেস্ট হিটস’ ট্যুরে আসছেন ম্যাডোনা

পুরানো খবর:

‘ম্যাটেরিয়াল গার্ল’ ম্যাডোনা: ৬৪ বসন্ত পেরিয়ে

পুরানো খবর:

‘শঙ্কামুক্ত’ ম্যাডোনা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন

পুরানো খবর:

বয়স মধ্য ষাটে, মাথায় না থাকাতেই বিপত্তিতে পপ সম্রাজ্ঞী