১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বয়স মধ্য ষাটে, মাথায় না থাকাতেই বিপত্তিতে পপ সম্রাজ্ঞী

এ  সময়ের পপ তারকা টেইলর সুইফট, পিঙ্কের মত শিল্পীরা যেভাবে মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন তাদের সঙ্গে টেক্কা দিতে চাইছিলেন ম্যাডোনা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 02:34 PM

Updated : 04 Jul 2023, 04:10 PM

ছোটখাট কোনো অসুস্থতা নয়, মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউ ঘুরে আসতে হয়েছে পপ সম্রাজ্ঞী ম্যাডোনাকে। কেন হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়লেন ‘ম্যাটেরিয়াল গার্ল, তা নিয়ে ভক্তদেরও উৎকণ্ঠার শেষ নেই।

শোনা গেছে, হালের তরুণ তারকাদের সঙ্গে মঞ্চ মাতানোর কায়দাকানুন নিয়ে পাল্লা দিতে গিয়ে শরীরের উপরে মাত্রাতিরিক্ত অত্যাচার করেছেন, যার ফলাফল হল ওয়ার্ল্ড ট্যুর স্থগিত করে এখন হাসাপাতাল-বাড়ি করতে হচ্ছে এই তারকাকে।

স্প্যানিশ ডেইলি মার্কা বলছে, কানাডার ভ্যাঙ্কুভারে ১৫ জুলাই দিয়ে শুরু হওয়ার কথা ছিল 'গ্রেটেস্ট হিটস ট্যুর’ শিরোনামের ম্যাডোনার ওয়ার্ল্ড ট্যুর।  ১ ডিসেম্বর আমস্টারডামে ট্যুর শেষ করার আগে নিউ ইয়র্ক, বার্সেলোনা, প্যারিস ও স্টকহোমে গাওয়ার কথা আছে ম্যাডোনার। এই ট্যুরকে সামনে রেখে যারপরনাই ব্যস্ততা যাচ্ছিল এই শিল্পীর।

এ সময়ের পপ তারকা টেইলর সুইফট, পিঙ্কের মত শিল্পীরা যেভাবে মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন তাদের সঙ্গে টেক্কা দিতে চাইছিলেন ম্যাডোনা। আর সেই চিন্তা থেকেই  স্টুডিওতে অনুশীলনে দিবারাত্রি এক করেছেন ৬৪ বছর বয়সী এই তারকা। যা তার শরীরে সয়নি।

এছাড়া টানা ট্যুর এবং দীর্ঘ সময়ে মঞ্চ মাতিয়ে রাখতে নিজেকে ফিট রাখতে চেয়েছিলেন ম্যাডোনা। তাই ব্যায়ামাগারেও সময় দিচ্ছিলেন। বয়সের তুলনায় শক্ত শক্ত সব সরঞ্জাম নিয়ে ব্যায়াম করতেও দেখা গেছে ম্যাডোনাকে। আর সেই ছবিও এসেছে সোশ্যাল মিডিয়ায়। 

মার্কাকে ম্যাডোনার এক ঘনিষ্ঠজন বলেন, “তিনি নিজের মধ্যে আরও গতি আনতে চাইছিলেন। কিন্তু এত কঠোর অনুশীলনের মধ্যে নিজেকে ঠেলে দেওয়াটা ঝুঁকিপূর্ণ ছিল।”

ম্যাডোনার ওয়ার্ল্ড ট্যুরের আরও একজন বলেন, “উনি নিজেকে স্রেফ শেষ করে দিচ্ছিলেন এবং তার আশপাশের মানুষজন বিনীতভাবে মনে করিয়ে দিচ্ছেন তার বয়স আর ৪৫ নয়, ২৫ তো বহুদূরের কথা।”

গত ২৬ জুন মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এই পপতারকাকে নিউ ইয়র্ক সিটির এক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ২৯ জুন একটি ব্যক্তিগত অ্যাম্বুলেন্সে করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চরছে।

পুরানো খবর:

‘গ্রেটেস্ট হিটস’ ট্যুরে আসছেন ম্যাডোনা

পুরানো খবর:

ম্যাডোনা হাসপাতালে, ‘ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত

পুরানো খবর:

‘ম্যাটেরিয়াল গার্ল’ ম্যাডোনা: ৬৪ বসন্ত পেরিয়ে

পুরানো খবর:

‘শঙ্কামুক্ত’ ম্যাডোনা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন