‘সাসটেইনেবিলিটি রিপোর্ট’ প্রকাশ করল স্বপ্ন
চার বছরের কার্যক্রমে তৈরি প্রতিবেদনে কৃষকদের সহায়তা, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং কর্মসংস্থান সৃষ্টিতে স্বপ্নের অগ্রগতি তুলে ধরা হয়।
রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ প্রথমবারের মতো তাদের ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে।
এতে টেকসই কৃষি, পণ্য সংগ্রহ, পরিবেশ সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরা হয় বলে সোমবার স্বপ্নের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রাজধানীর এক হোটেলে রোববার ‘লিডিং চেঞ্জ, নারচারিং টুমরো’ শিরোনামের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চার বছরের কার্যক্রমে তৈরি প্রতিবেদনে কৃষকদের সহায়তা, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং কর্মসংস্থান সৃষ্টিতে স্বপ্নের অগ্রগতি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত সারা দেশে স্বপ্নের ৬৮৫টি আউটলেট ছিল। এসব আউটলেটের মাধ্যমে প্রতিদিন ১ লাখ ৪৪ হাজারের বেশি পরিবারকে সেবা দেওয়া হয়েছে। এছাড়া স্বপ্নে কর্মরত ছিলেন ৮ হাজার ৫০০ জনের বেশি কর্মী, যাদের ১৯ শতাংশ নারী।
অনুষ্ঠানে সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান বলেন, “নানা চ্যালেঞ্জ ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশের সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহার এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিতে স্বপ্নের উদ্যোগগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।”
এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, “বাংলাদেশের রিটেইল খাতের ভবিষ্যৎ নির্ভর করবে অতীতের অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ওপর।”
বাংলাদেশ-জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার ইয়োশিদা আয়া, এসিআই পিএলসির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর আরিফ দৌলা, মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারজানা চৌধুরী এবং সিএসআর সেন্টারের চিফ এক্সিকিউটিভ অফিসার শাহামিন এস জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
