খৈয়াছড়ায় গেটম্যান ও মাইক্রোবাস চালকের ‘দোষ’ আরও এক তদন্তে
“গেটম্যান লোহার বার ফেললেও দুর্ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। আর মাইক্রোবাস চালক নিয়ম না মেনে লাইনে উঠে গেছেন।”
চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা রেল ক্রসিংয়ে দুর্ঘটনার তদন্তে পূর্ব রেলের আরও একটি প্রতিবেদনে গেটম্যান এবং মাইক্রোবাস চালককে দায়ী করা হয়েছে।
মঙ্গলবার পূর্ব রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরমান হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদনে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ১১টি সুপারিশও করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে। এতে গেটম্যান সাদ্দাম হোসেন ও মাইক্রোবাস চালক গোলাম মোস্তফার দায় পেয়েছে।”
তিনি বলেন, “দুর্ঘটনার সময় গেটম্যান লোহার বার ফেললেও দুর্ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। আর মাইক্রোবাস চালক নিয়ম না মেনে লাইনে উঠে গেছেন।”
ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে রেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় অ্যালার্ম বা সাইরেনের ব্যবস্থাসহ তদন্ত কমিটি ১১ দফা সুপারিশ করেছে বলে জানান জাহাঙ্গীর হোসেন।
গত ২৯ জুলাই দুপুরে খৈয়াছড়া ঝর্না রেল ক্রসিংয়ে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের চালকসহ মোট ১১ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই পূর্বরেলের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি করা হয়।
গত ১৬ অগাস্ট পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলীর নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদনেও গেটম্যান ও মাইক্রোবাস চালককে দায়ী করা হয়।
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসে চালক ও সহকারীসহ মোট ১৮ জন ছিলেন। তারা হাটহাজারী খন্দকিয়া এলাকা থেকে খৈয়াছড়া এলাকায় বেড়াতে গিয়েছিলেন। দুর্ঘটনায় মাইক্রোবাস চালক গোলাম মোস্তাফাও মারা যান।
দুর্ঘটনার দিন বিকালে রেলওয়ে পুলিশ গেটম্যান সাদ্দামকে গ্রেপ্তার করে। পরে তাকে আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়।
রেল কর্তৃপক্ষ সে সময় বলেছিল, খৈয়াছড়া ক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেন অস্থায়ী ভিত্তিতে কাজ করতেন।
পূর্ব রেলের জিএম জাহাঙ্গীর হোসেন সে সময় গেটম্যান সাদ্দামের বরাতে বলেছিলেন, দুর্ঘটনার সময় গেটম্যান সেখানে উপস্থিত ছিলেন এবং মাইক্রোবাস চালক জোর করে বার তুলে সেখানে উঠে পড়েন।
তবে সেসময় রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন গেটম্যানের ঘটনাস্থলে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
আরও খবর
খৈয়াছড়া দুর্ঘটনা ‘গেটম্যান ও মাইক্রোবাস চালকের দোষে’
