‘ওয়ানডেতে টপে আছে বাংলাদেশ’
ভিন্ন দুই সংস্করণে একটি দল কতটা ভিন্ন হতে পারে, সেটার আদর্শ উদাহরণ যেন বাংলাদেশ। টেস্টে ১৫ বছরের পথচলায় শক্ত ভিত্তি গড়তে পারেনি এখনও। কিন্তু রঙিন পোশাকে সেই দলটির পারফরম্যান্সই দারুণ ঝলমলে। অধিনায়ক মাশরাফি মুর্তজার তো বিশ্বাস, বাংলাদেশ এখন ওয়ানডের শীর্ষ দলগুলির একটি।
মাশরাফির নেতৃত্বে গত নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপে খেলেছে কোয়ার্টার-ফাইনাল। যে দলকে হারাতে পারেনি ১৬ বছর ধরে, সেই পাকিস্তানকেও দেশের মাটিতে তারা ৩-০তে হোয়াইটওয়াশ করেছে।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন বুধবার মিরপুরের সংবাদ সম্মেলনে মাশরাফির কথায় ধরা পড়ল এই আত্মবিশ্বাসী পথচলারই প্রতিফলন।
“এখন বিশ্বে যতগুলো দল ওয়ানডে ভালো খেলছে বাংলাদেশও তার একটি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ভালো খেলছে। আমরাও এখন ভালো ক্রিকেট খেলছি। আমি তো বলব, ওয়ানডেতে আমরা টপে আছি। ছেলেদের বলেছি, ওয়ানডেতে এখন যতগুলো ভালো দল আছে পরিসংখ্যানের দিক দিয়ে আমরা সবার চেয়ে এগিয়ে। এই আত্মবিশ্বাসটাও সবার আছে।”
মাশরাফির দাবির পক্ষে সাক্ষ্য দেবে পরিসংখ্যানও। ওয়ানডেতে জয়-পরাজয়ের হারে বাংলাদেশ এই বছর এখনও পর্যন্ত আছে চার নম্বরে। ৯ ম্যাচে ৬ জয় আর ৩ হার নিয়ে বাংলাদেশের জয়-পরাজয়ের অনুপাত ২.০০। বুধবার পর্যন্ত বাংলাদেশের ওপরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (১১.০০), নিউ জিল্যান্ড (৪.০০) ও দক্ষিণ আফ্রিকা (২.২৫০)। বাংলাদেশের নিচে ভারত (১.৭৫), শ্রীলঙ্কা (০.৮৫৭), পাকিস্তান (০.৭৫০), ইংল্যান্ড (০.৫৫৫), ওয়েস্ট ইন্ডিজ (০.৫০০) ও জিম্বাবুয়ে (০.১৪২)।
মাঠের পারফরম্যান্স আর পরিসংখ্যান, দুই ভিত্তিতেই মাশরাফির দাবি যৌক্তিক। তবে অতি-আত্মবিশ্বাস যেন কাল না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারেও সতর্ক মাশরাফি।
“আমরা ভালো খেলছি বলেই সবাই আমাদের সমীহ করছে। মাঠে সেটার প্রমাণ আমাদের দেখাতে হবে। অবশ্যই এটা চাপ নয়, বরং অনেক বড় অনুপ্রেরণা। আমাদের বেশিরভাগ ক্রিকেটার যদি ফর্মে থাকে, এই সিরিজেও ভালো না করার কারণ নেই।”
