আবার ভারত, আবার সেই মাশরাফি?
ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন জয়ে একটি ব্যাপারে দারুণ মিল আছে। তিনটি জয়ের ম্যাচেই বড় ভূমিকা ছিল মাশরাফি বিন মুর্তজার। প্রথম দুটিতে তো সরাসরিই নায়ক, ম্যান অব দা ম্যাচ; শেষবার পার্শ্বনায়ক। এবারও তাই দেশসেরা এই পেসারের কাছে প্রত্যাশার শেষ নেই। তবে বাংলাদেশ অধিনায়ক নিজেকে নিয়ে বরাবরের মতোই বিনয়ী।
ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ২০০৪ সালে। ব্যাট হাতে ৩১ রান আর বোলিংয়ে ২ উইকেট নিয়ে সেই জয়ে ম্যাচসেরা মাশরাফি। ২০০৭ বিশ্বকাপের স্মরণীয় জয়েও ম্যাচসেরা ৪ উইকেট নিয়ে। ২০১২ এশিয়া কাপে ম্যান অব দা ম্যাচ হতে পারেননি। তবে শততম শতক করা শচিন টেন্ডুলকারের উইকেট নিয়েছিলেন তিনিই। ফিরিয়েছিলেন ৩৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলা সুরেশ রায়নাকেও।
সেই মাশরাফি এখন অধিনায়কও। ভার অনেক বেশি। দায়িত্ব যে তার সেরাটা বের করে আনে, সেই প্রমাণও রেখেছেন অনেকবার। প্রিয় প্রতিপক্ষের সঙ্গে তাই আবারও মাশরাফির স্মরণীয় পারফরম্যান্সের প্রত্যাশা অনেকের।
তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার স্রোতে গা ভাসিয়ে হুঙ্কার ছুড়লেন না মাশরাফি।
“হয়ত ভালো করেছি আগে। তবে আবার ব্যাপারটি হলো, আগের কিছু আমাকে অতটা আত্মবিশ্বাস জোগায় না। প্রতিটি ম্যাচ নতুন শুরু। নতুন ভাবেই শুরু করতে চাই। নতুন ওই দিনে কিভাবে শুরু করলাম, সেটাই গুরুত্বপূর্ণ। শুরু ভালো করতে পারলেই আমার বিশ্বাস ভালো খেলতে পারব।”
