২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেস আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত মাশরাফি

একটা সময় ছিল, বাংলাদেশের ক্রিকেটে ছিল ভালো মানের পেস বোলারের জন্য হাহাকার। টেস্টে চিত্রটা খুব একটা পাল্টায়নি এখনও। তবে তা বদলে গেছে ওয়ানডেতে। অভিজ্ঞ মাশরাফি, পরিণত রুবেল আর তরুণ তাসকিনের সমন্বয়ে বাংলাদেশের ওয়ানডে পেস আক্রমণ এখন দারুণ। অধিনায়ক মাশরাফির কণ্ঠে তাই সাহসী উচ্চারণ, বাংলাদেশের পেস আক্রমণ ধ্বংস করে দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 07:30 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

গত বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের অন্যতম রূপকার ছিল এই পেস আক্রমণ। মাশরাফির নিয়ন্ত্রণের সঙ্গে বুদ্ধিদীপ্ত বোলিং, রুবেলের গতি, ইয়র্কার আর পুরোনো বলে দক্ষতা, আর তাসকিনের নিখাদ পেস, বাউন্স আর তারুণ্যের উদ্দাম মিলিয়ে বাংলাদেশের পেস আক্রমণ এখন দারুণ সমৃদ্ধ। এই সিরিজে এই তিনজনের সঙ্গে যোগ হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বৈচিত্র।

ওয়ানডে সিরিজের আগে ভারতের সংবাদ মাধ্যমেরও আগ্রহের কেন্দ্রে বাংলাদেশের পেস আক্রমণ। ভারতীয় ব্যাটিং লাইন আপকে আবার মনে করা হয় বিশ্বসেরা। ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে তাই বাংলাদেশের পেস আক্রমণ আর ভারতীয় ব্যাটিংয়ের লড়াইয়ের প্রসঙ্গ উঠলো অবধারিতভাবেই। আর মাশরাফির উত্তরটাতেও ফুটে উঠলো আত্মবিশ্বাসের ঝলক।

“অবশ্যই আমাদের পেস আক্রমণ খুব ভালো। রুবেল, তাসকিন আছে। মুস্তাফিজ প্রতিশ্রুতিশীল। চমকে দিতে পারে সবাইকে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে চমকেই দিয়েছে। সব মিলিয়ে আমি বিশ্বাস করি, আমার পেস আক্রমণ দারুণ। যে কোনো দলকে ধ্বংস করে দিতে পারে এই পেস আক্রমণ।”

ভারতের শক্তিশালী ব্যাটিং আর বাংলাদেশের নিষ্প্রাণ উইকেটে এই পেস আক্রমণের বড় একটা পরীক্ষা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার।