২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকেই এগিয়ে রাখছেন মাশরাফি

ওয়ানডেতে বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারতকে সমীহ করছেন মাশরাফি বিন মুর্তজা। নিজেদের সামর্থ্যের ওপর আস্থা থাকলেও বাংলাদেশের অধিনায়ক তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকেই এগিয়ে রাখছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 07:32 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও ভারতের প্রথম ওয়ানডে। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, নিজেদের দিনে যে কাউকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।  

“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভারত ফেভারিট। কিন্তু এটা সত্য, আমরা যখন মাঠে নামি, তখন কখনও চিন্তা করি না কে ফেভারিট। আমি আশা করছি, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারব।”

ওয়ানডেতে এখন সমীহ করার মতোই খেলছে বাংলাদেশ। নিয়মিত সাফল্য পাওয়ায় নিজেদের ওপর আস্থা বেড়েছে ক্রিকেটারদের। মাশরাফি জানান, এই পরিবর্তনের শুরুটা হয়েছিল ২০০৭ সালের বিশ্বকাপের পর থেকে।  

“সেই বিশ্বকাপের পর থেকে আমরা বিশ্বাস করতে শুরু করি, আমরা বিশ্বের যে কোনো দলকে হারাতে পারবো। ওই সময় থেকে আমাদের চিন্তা-ভাবনার পরিবর্তন হয়েছে। ওই সময়ের পর আমরা অনেক ম্যাচ হারলেও কখনও মনোবল হারাইনি। আমরা সব সময় বিশ্বাস করেছি যে, আমরা জিততে পারব।”

২০০৭ সালের বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারায় বাংলাদেশ। মাশরাফিদের কাছে হারা ভারত গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

বছরের শুরুতে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে চমৎকার ক্রিকেট খেলে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। এরপর দেশের মাটিতে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় মাশরাফির দল। তাই আত্মবিশ্বাসের কমতি নেই স্বাগতিকদের।

“বিশ্বকাপ থেকে আমরা যেভাবে খেলছি, তাতে ছেলেরা আত্মবিশ্বাসী। ওরা প্রত্যেকে পারফর্ম করতে মুখিয়ে আছে। আশা করি, গত কয়েক মাস ধরে ওরা যেভাবে খেলছে এবারও সেভাবেই পারফরম করবে। আশা করি, কাল ছেলেরা তাদের সেরাটা দেবে।”

সৌম্য সরকার, লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের মতো তরুণদের উপস্থিতিতে আশাবাদী মাশরাফি।

“ছেলেরা এই মুহূর্তে যে কাউকে চমকে দিতে পারে। আমাদের দলে সৌম্যর মতো কিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড় আছে। কয়েকজন নতুন খেলোয়াড় এসেছে, ওরাও সেরাটা দিতে উন্মুখ।”

ব্যাটসম্যানদের ওপরও দারুণ আস্থা মাশরাফির। বোলাররাও ছন্দে থাকায় বড় স্বপ্নই দেখছেন তিনি।

“পাকিস্তানের বিপক্ষে বোলারদের ভালো একটি সিরিজ গেছে। টেস্টে বোলিংয়ে বৈচিত্র্য দরকার পড়ে কিন্তু ওয়ানডেতে সঠিক জায়গায় বল করে গেলেই হয়; তাতে ব্যাটসম্যান ভুল করতে পারে। আশা করি, ওরা কাল সেভাবেই বল করবে।”