২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ভাবনায় চ্যাম্পিয়ন্স ট্রফিও

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটারদের ভাবনায় আছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। মাশরাফি বিন মুর্তজা মনে করেন, এই টুর্নামেন্ট নিশ্চিত করা হবে তাদের ক্রিকেট জীবনের সবচেয়ে বড় অর্জন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 05:29 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের অধিনায়ক মাশরাফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সমীকরণ ভুলে শুধু প্রথম ওয়ানডে নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন।

“আসলে এমন একটা পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে ওই চিন্তাটা মাথায় আসা স্বাভাবিক। তবে এটা কোনো না কোনো সময় অতিরিক্ত চাপ হয়ে দাঁড়াতে পারে। আমি চাই না, ক্রিকেটাররা এটা নিয়ে ভাবুক। ‘ম্যাচ বাই ম্যাচ’ খেলাটাই ভালো।”

৮৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের আটে। সমান পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর ৮৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বর স্থান ধরে রাখতে হবে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের মধ্যে একটিতে জিততে পারলেও ওয়েস্ট ইন্ডিজকে টপকে সাতে চলে আসবে বাংলাদেশ, যা ২০১৭ সালে ইংল্যান্ডে হতে যাওয়া সেই টুর্নামেন্টের পথে এগিয়ে নেবে মাশরাফিদের।

৩০ সেপ্টেম্বরে আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব মিলিয়ে ছয়টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচ নিয়ে আলাদাভাবে ভাবতে চান মাশরাফি।

“আমরা তো ছয় ম্যাচ এক সাথে খেলব না। একটা-একটা করে খেলব। বাংলাদেশ ক্রিকেট আরেকটা ধাপে যাবে, সেটা আমরা সবাই আশা করছি। কালকের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কালকেরটা ভালো করলে পরেরটা নিয়ে পরে চিন্তা করা যাবে। এই মুহূর্তে ভাবছি একটা একটা ম্যাচ করে এগিয়ে যেতে।”

মাশরাফির শঙ্কা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা বাড়তি চাপ হয়ে দাঁড়াতে পারে। তাই সেসব ভুলে কেবল সিরিজ নিয়ে ভাবতে চান বাংলাদেশের অধিনায়ক।

“এটা আমাদের ক্রিকেট জীবনের সবচেয়ে বড় অর্জন হবে। এ নিয়ে সবার মধ্যে আবেগ কাজ করছে, এটা নিয়ন্ত্রণ করা জরুরি। আমরা যত চাপ নেব, আমাদের জন্যে তত খারাপ হবে। এটা উপেক্ষা করে ‘ম্যাচ বাই ম্যাচ’ খেলে এগিয়ে যেতে পারলে ভালো হবে।”

বিশ্বকাপেও একইরকম চাপের মধ্যে ছিল বাংলাদেশ। সে সময় একেকটি ম্যাচ ধরে এগিয়ে সাফল্য পেয়েছিলেন মাশরাফিরা। সেই ধারাবাহিকতা এবারও ধরে রাখতে চান অধিনায়ক।

“আমরা যেহেতু উন্নতি করছি, এর থেকেও বড় চাপ আমাদের সামনে আসবে। আমাদেরকে সেই চাপ সামলে নিতে হবে।”

পুরনো খবর:

আবার ভারত, আবার সেই মাশরাফি?
‘ওয়ানডেতে টপে আছে বাংলাদেশ’
‘ট্রাফিক’ ছাড়া বাংলাদেশের সবই ভালো লেগেছে ধোনির
প্রথম ওয়ানডেতেই গুরুত্ব বাংলাদেশের
ভারতকেই এগিয়ে রাখছেন মাশরাফি
পেস আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত মাশরাফি