২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রাফিক’ ছাড়া বাংলাদেশের সবই ভালো লেগেছে ধোনির

মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক অভিষেক বাংলাদেশেই। ভারতের হয়ে মাঠে নামার স্বপ্ন পূরণ হয়েছিল ২০০৪ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই থেকে বাংলাদেশে এসেছেন আরও ছয় দফা। বাংলাদেশ সম্পর্কে ধারণা তাই আছে যথেষ্টই। মানুষের ক্রিকেট উন্মাদনা নিয়ে মুগ্ধতাও বাড়ছে। সঙ্গে বেড়েছে ঢাকার যানজট নিয়ে বিরক্তিও!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 09:10 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এটিই ধোনির ভারতের বাইরে প্রথম সফর। প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বুধবার। শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে মাঠের ক্রিকেটের পাশাপাশি প্রসঙ্গ উঠল ধোনির বাংলাদেশ অভিজ্ঞতারও। ভারত অধিনায়ক খুলে দিলেন প্রশংসার দুয়ার।

“বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রচণ্ড ভালোবাসে। দলকে সমর্থন দিতে মাঠে আসে। ক্রিকেট খুবই উপভোগ করে। দেশের মানুষ ক্রিকেটকে এত ভালোবাসলে দলের জন্যও তা দারুণ। সবাই অনুপ্রাণিত হয়, মাঠে শতভাগের বেশি দিতে চায়।”

তবে এই মুগ্ধতার পাশাপাশি খারাপ লাগাটার কথাও টানলেন তিনি নিজে থেকেই।

“ট্রাফিকটাই শুধু আগের চেয়ে আরও বাজে হয়েছে। এখানকার মানুষ অনেক ভালো। খুব ভালো জায়গা, ট্রাফিকটা ছাড়া বাংলাদেশের সবই ভালো।”