ওয়ানডের বাংলাদেশ দারুণ: ধোনি
আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অভিষেক বাংলাদেশেই। ক্যারিয়ারের নতুন পথচলাও শুরু হচ্ছে এখানেই। শুধু রঙিন পোশাকের ভারতের অধিনায়ক হিসেবে প্রথম সফর এটিই। গত ১১ বছরে নানা সময়ে খেলেছেন বাংলাদেশের বিপক্ষে; প্রতিপক্ষ বাংলাদেশকে দেখেছেন নানা রূপে। তবে এবারের দলটিকে দারুণ সমীহ করছেন ভারতের ওয়ানডে অধিনায়ক।
ফতুল্লা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে ওয়ানডের বাংলাদেশকে বিপজ্জনক বলেছিলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের আগের দিন বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ধোনির কণ্ঠেও একই সুর।
“ওয়ানডেতে বাংলাদেশ দারুণ দল। ওয়ানডে তো এখন ওরা অনেক বছর ধরেই খেলছে, খেলাটা বুঝে উঠেছে।”
টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাবে বাংলাদেশের অনেকেই ওয়ানডেতে ভয়হীন ক্রিকেট খেলে বলে মনে করছেন ধোনি।
“টি-টোয়েন্টি খেলে ওয়ানডে দলে আসছে অনেকে, আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়ে যাওয়ায় তাদের ভয়ডর কম। কি করতে হবে জানে। আমার সবসময়ই মনে হয়েছে, ওয়ানডেটাই বাংলাদেশ বেশি ভালো খেলে। এই দল তো দারুণ।”
টেস্টের বাংলাদেশের ভবিষ্যতও উজ্জ্বল দেখছেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো এই উইকেটকিপার ব্যাটসম্যান।
“টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ উন্নতির ছাপ রেখেছে। তবে টেস্ট যেহেতু ৫ দিন ধরে খেলা হয়, একটু ধারাবাহিক ক্রিকেট খেলতে হয়। প্রতিপক্ষের ফিরে আসার সুযোগ থাকে। তবে যেভাবে উন্নতি করছে, টেস্টেও বাংলাদেশ ভালো জায়গায় পৌঁছে যাবে।”
