মাশরাফির যুদ্ধ কেবল মাঠেই
সময়ের সঙ্গে অনেকটাই মিলিয়ে গিয়েছিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের ঝাঁজ। তবে মেলবোর্নে সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতকে নিজেদের মাটিতে পেয়ে দেশের ক্রিকেট আঙিনায় বাজছে যুদ্ধের দামামা। ওয়ানডের সিরিজ শুরুর আগে সেই উত্তেজনা থামাতে বলছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক খেলাকে রাখতে চান কেবল মাঠেই।
বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের নানা বিতর্ক উত্তেজনার বারুদ ছড়িয়েছিল বাংলাদেশে। সেই বিতর্কের বারুদ আবার নতুন করে জাগিয়ে না তোলার আহবান বুধবার সংবাদ সম্মেলনে জানালেন মাশরাফি।
“একদিক থেকে এটা যুদ্ধই, মাঠে আমরা অবশ্যই যুদ্ধ করি। তবে এটা তো আর সত্যিকারের যুদ্ধ নয়! এই যুদ্ধ শুধু খেলার মাঠেই। …ক্রিকেট মাঠে দুর্ঘটনাবশত অনেক কিছু হতে পারে। ওসব নিয়ে গভীরভাবে ভাবার কিছু নেই। ক্রিকেটাররা আসলে ওসব মনে রাখে না, রাখা উচিতও না। নতুন সিরিজের শুরু হচ্ছে, আমরা তাকিয়ে সেদিকেই।”
সমর্থকদের আবেগকে যে বশ মানানো কঠিন, এই বাস্তবতা জানেন মাশরাফিও। তারপরও বলছেন, যতটা সম্ভব আবেগেরে স্রোতে বাঁধ দিতে।
“মানুষের আবেগ তো বন্ধ করা কঠিন। তারা এগুলো বলতেই পারে। আমি তারপরও অনুরোধ করব, খেলার জায়গাটাকে খেলা হিসেবেই দেখতে। আমরা মাঠে খেলব, হারতে পারি-জিততেও পারি। হারলে খারাপ লাগবে এটা স্বাভাবিক। আমরা অবশ্যই জেতার জন্যে খেলব এবং আশা করব, সবাই যেন ওই জিনিসটা নিয়ে ভিন্ন চিন্তা না করে।”
