কামরাঙ্গীরচরে মামার ’ছুরিকাঘাতে’ ভাগ্নে খুন
নানীর কাছে টাকা না পেয়ে তার সঙ্গে খারাপ ব্যবহারের সময় দুই ভাগ্নে বাধা দিলে মামা ছুরি হাতে হামলা করে।
রাজধানীর কামরাঙ্গীরচরে এক যুবকের নিহত হওয়ার তথ্য দিয়ে পুলিশ বলছে, মামার ছুরির আঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকালের ওই ঘটনায় নিহত তানিন হোসেন সিফাতের (২২) বড় ভাই তামিম হোসেন শ্রাবণও (২৩) সামান্য হয়েছেন।
এ ঘটনায় তাদের মামা মো. রাকিবকে (৩০) গ্রেপ্তারের তথ্য দিয়েছেন কামরাঙ্গীচর থানার ওসি সাইফুল ইসলাম।
এদিন বিকাল সাড়ে ৪টার দিকে আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৬টায় সিফাত মারা গেছেন বলে জানান। আর তার বড় ভাই শ্রাবণকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক সমস্যা নিয়ে কথা বলার সময় উত্তেজিত হয়ে মাদকাসক্ত রাকিব তার আপন দুই ভাগ্নে সিফাত ও শ্রাবণের উপর হামলা চালায়। ঘটনার পর পরিবারের লোকজন তাদের নিয়ে হাসপাতালে যান।
হাসপাতালে রাকিবের বড় ভাই রিপন আহমেদ বলেন, তার ভাই অনেক দিন থেকে মাদকাসক্ত।
“বিকালে দুই ভাগ্নে আমাদের বাসায় এসে দেখে রাকিব মায়ের সাথে টাকা চেয়ে না পেয়ে খারাপ ব্যবহার করছিল। এক পর্যায়ে মায়ের গায়ে হাতও তুলছিল। এসময় দুই ভাগ্নে আটকাতে গেলে আচমকা ছুরি নিয়ে রাকিব তাদের আক্রমণ করে। ছুরির এলোপাতাড়ি আঘাতে সিফাতের গলায় গুরুতর জখম হয় এবং শ্রাবণের বুকে ছুরির আঘাত লাগে।”
দুই ভাগ্নে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করে জানিয়ে রিপন বলেন, তার দোকানে তারা বসে এবং বিভিন্ন জায়গায় কাজ করে।
তিন ভাই এক বোনের মধ্যে নিহত সিফাত ছিল দ্বিতীয়। কেরানীগঞ্জের আমিরাবাদে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।
