যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত
“কারা কী কারণে গুলি করে হত্যা করল, বলতে পারছি না,” বলেন নিহতের স্ত্রীর।
রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে এক যুবকের প্রাণ গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশে এ ঘটনা ঘটে বলে তার স্বজন ও পুলিশ জানিয়েছে।
মারুফ হোসেন ওরফে দুখু নামে ওই যুবকের বাড়ি ধলপুর এলাকায়। সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশের একটি গলিতে পাতিলের কারখানায় কাজ করতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ সবার ছোট।
তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে এ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন।
হাসপাতালে নিহতের স্ত্রী মিম বলেন, সন্ধ্যায় কাজ থেকে ফিরে বাসার পাশেই সিটি পল্লীর মাঠে ছিলেন মারুফ। এসময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিম বলেন, “আমার স্বামী অনেক ভালো ছেলে। কারো সঙ্গে দ্বন্দ্ব বা ঝামেলায় জড়ায় না। কারা কী কারণে গুলি করে হত্যা করল, বলতে পারছি না।”
