০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়ায় জমির বিরোধে ছোট ভাই খুন, বড় ভাই আটক

বসতবাড়ির আঙিনায় সজিনার গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

কুষ্টিয়ায় জমির বিরোধে ছোট ভাই খুন, বড় ভাই আটক

কুষ্টিয়ার দৌলতপুর থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 11:38 PM

Updated : 07 Nov 2026, 11:38 PM

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও গাছ লাগানোকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাইকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান।

নিহত আতাউল মালিথা (৫৬) উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামের রাহাতুল্লাহ মালিথার ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বড় ভাই তোফাজ্জেল মালিথাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আতাউলের সঙ্গে তার বড় ভাই তোফাজ্জেল হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বসতবাড়ির আঙিনায় সজিনার গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে বড় ভাই তোফাজ্জেল হাতে থাকা দায়ের উল্টো পাশ দিয়ে ছোট ভাই আতাউলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্বজনরা তাকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ওসি খালেদুর রহমান বলেন, লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।