২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এ ধরনের বর্বরতা কোনো মানুষ সহ্য করবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির হরতাল আহ্বানে বিস্ময় প্রকাশ করে মন্ত্রী বলেন, “তারা পুলিশকে মারল, সাংবাদিক মারল, আমাদের মহিলী লীগের মেয়েদের গায়ে হাত তুলল, তাদের গাড়িতে অগ্নিসংযোগ করল, তারাই আবার হরতাল ডাকল!”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 12:23 AM

Updated : 30 Oct 2023, 12:23 AM

বিএনপির সমাবেশের দিন সংঘাতের জন্য বিরোধী দলটিতে দায়ী করে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা যে ‘বর্বরতা করেছে’, তা কোনো মানুষ সহ্য করবে না।

বিএনপি এখন পরিকল্পিতভাবে সারা দেশে ‘নৈরাজ্য’ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের বর্ণনা দিয়ে রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

এই সংঘর্ষ কীভাবে শুরু হয়েছে, পুলিশ কখন সেখানে হস্তক্ষেপ করেছে, প্রধান বিচারপতির বাসভবনে কীভাবে হামলা হয়েছে, পুলিশ সদস্যকে কীভাবে হত্যা করা হয়েছে, সেগুলোও তুলে ধরেন মন্ত্রী।

তত্ত্বাবধায়ক সরকার চেয়ে দাবিতে ‘অসাংবিধানিক’ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিএনপি কথা রাখেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপি কোনো ধরনের সহিংসতা করবে না, তারা সমাবেশ শেষ করে চলে যাবে- ডিএমপিকে এমন প্রতিশ্রুতি দিয়েছিল।

“তারা নাইটিঙ্গেল মোড থেকে ফরিকাপুল মোড পর্যন্ত অবস্থান করবে বলে আমাদের জানিয়েছিল। কিন্তু আমার দেখলাম তারা ইচ্ছা করেই নাইটিঙ্গেল মোড ছেড়ে আইইডিবি ভবন ছাড়িয়ে গেল। তারা জাজেজ আবাসন কমপ্লেজ এলাকায় জড়ো হতে শুরু করল।”

সংঘাত শুরুর বর্ণনা দিয়ে তিনি বলেন, “যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখনই লাঠিসোটা নিয়ে তাদের ওপর আক্রমণ। তাদের গাড়ি পুড়িয়ে দিল, সেই সময় পুলিশ তাদের উদ্ধার করে।”

প্রধান বিচারপতির বাসভবনে হামলার বিষয়ে মন্ত্রী পরক্ষণেই বলেন, “তাদেরকে (বিএনপি নেতা-কর্মী) সরিয়ে দেওয়ার সময়ে প্রধান বিচারপতি বাসায় তারা জোর করে ঢুকে গেল। তখন বাধ্য হয়ে পুলিশ তাদের ওখান থেকে ডেসপাচ করল।

“তারা যাওয়ার আইইডিবি ভবনে ঢুকে ওখানকার গাড়িগুলোতে অগ্নিসংযোগ করল, সেখানে ভাঙচুর করল। জাজেজ কমপ্লেক্স-এ স্থাপিত আধুনিক সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলল। উদ্দেশ্য বোধহয় তাদের এটাই ছিল যে, তাণ্ডব করবে, আর এই তাণ্ডবের যেন কোন সাক্ষী না থাকে সেজন্য সিটি ক্যামেরাগুলো বিনষ্ট করে দিয়েছে।”

কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ হত্যার বিষয়ে মন্ত্রী বলেন, “পুলিশ বাহিনী যখন তাদের (বিএনপি কর্মী) নাইটিঙ্গেল মোড়ে নিয়ে যেতে সক্ষম হল, তখন দেখলাম পুলিশ সদস্যের ওপর বৃষ্টির মতো ঢিল ছুঁড়ল।

“সেই ঢিলের আঘাতে একজন পুলিশ সদস্য পড়ে গিয়েছিল। দেখলাম ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পিটাচ্ছে। তার মৃত্যু সুনিশ্চিত করার জন্য চাপাতি দিয়ে কোপানো হয়। এই ধরনের নৃশসতা ও বর্বরতা কোনো মানুষ সহ্য করবে না।”

পুলিশ হাসপাতালে ঢুকে হামলা, পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স ভাঙচুর ও নার্সদের মারধরের কথা তুলে ধরে তিনি বলেন, “এ ধরনের তাণ্ডব মনে হয় কোনো সভ্য জগতে দেখা যায় না। তাদের আক্রমণে গুরুতর আহত আরেকজন পুলিশ সদস্য এখন নিউরো সায়েন্স হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দুই জন আনসার মাত্মকভাবে আহত হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ১১৫ জন সদস্য আহত হয়েছেন।”

বিএনপির হরতাল আহ্বানে বিস্ময় প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অবাক কথা হচ্ছে তারা পুলিশকে মারল, সাংবাদিক মারল, আমাদের মহিলী লীগের মেয়েদের গায়ে হাত তুলল, তাদের গাড়িতে অগ্নিসংযোগ করল, তারাই আবার হরতাল ডাকল।

“হরতাল ডেকে তারা ক্ষ্যান্ত হননি, বাসে অগ্নিসংযোগ করে। বাসে ঘুমিয়ে থাকা হেলপারকে পুড়িয়ে মেরেছে। এই ঘটনা ২০১৫ সালের ঘটনা মনে করিয়ে দেয়। তারা সেই ঘটনারই পুনরবৃত্তি ঘটিয়েছে।“

নীলফামারীতে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলকারী একজনকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই ধরনের নৈরাজ্য তারা সারা বাংলাদেশে ছড়াচ্ছে।”

এখন পর্যন্ত ২৬টি গাড়ি পুরোপুরি ভষ্মীভূত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “পুলিশ বাহিনী চরম ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে কর্তব্য পালন করছে।”