২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর ‘ষড়যন্ত্রীদের’ চিহ্নিতে কমিশন: দুই সপ্তাহ সময় পেল সরকার

হাই কোর্ট গত জুনে সরকারকে এই কমিশন গঠনের আদেশ দিয়েছিল।

পদ্মা সেতুর ‘ষড়যন্ত্রীদের’ চিহ্নিতে কমিশন: দুই সপ্তাহ সময় পেল সরকার

ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 10:18 PM

Updated : 16 Oct 2022, 10:18 PM

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির মিথ‌্যা গল্প’ বানানোর নেপথ‌্যে থাকা ‘ষড়যন্ত্রকারীদের’ খুঁজে বের করতে কমিশন গঠনের অগ্রগতি জানাতে সরকারকে আরো দুই সপ্তাহ সময় দিয়েছে হাই কোর্ট।

রাষ্ট্রপক্ষের আবেদনে রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। পদ্মা সেতু কর্তৃপক্ষের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।

পরে আইনজীবী দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটি গঠনে সরকারকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই আদেশের অগ্রগতি প্রতিবেদন দিতে সরকারকে আরো দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগামী ৩০ অক্টোবর পরবর্তী শুনানির জন্য আসবে।”

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে রুল জারি করেছিল।

‘ষড়যন্ত্রকারীদের’ খুঁজে বের করতে ১৯৫৬ সালের ‘ইনকোয়ারি অ্যাক্ট’র তৃতীয় অনুচ্ছেদ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুযায়ী কমিটি বা কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, ওই রুলে তা সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল। সেই সঙ্গে ‘প্রকৃত ষড়যন্ত্রকারীদের’ কেন বিচারের মুখোমুখি করা হবে না, তাও জানতে চেয়েছিল হাই কোর্ট।

কমিটি বা কমিশন গঠনে কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা জানিয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছিল আদালত।

ওই কমিশন গঠন নিয়ে সরকারের তিনটি মন্ত্রণালয়ে চিঠি চালাচালির পর এ বিষয়ে গত পাঁচ বছরে আর কোনো অগ্রগতি হয়নি। এর মধ্যে রুল জারি করা হাই কোর্টের ওই বেঞ্চের পরিবর্তন হওয়ার পর মামলাটি আর কোনো বেঞ্চে উঠেনি।

পাঁচ বছর আগে স্বতঃপ্রণোদিত যেসব প্রতিবেদন আমলে নিয়ে এই রুল আদালত দিয়েছিল, তার মধ্যে একটির শিরোনাম ছিল-‘ইউনূসের বিচার দাবি’।

পদ্মায় বাংলাদেশের দীর্ঘতম সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের অর্থায়ন আটকাতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের ‘ষড়যন্ত্র’ ছিল বলে সব সময় বলে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তবে ইউনূস সেই অভিযোগ অস্বীকার করে আসছেন।

ওই রুল জারির পাঁচ বছর পর গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। এরপর এ সংক্রান্ত রুল শুনানি চেয়ে হাই কোর্টে পরদিন বিষয়টি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিন উদ্দিন মানিক। পরে ২৭ ও ২৮ জুন শুনানি নিয়ে কমিশন গঠনের আদেশ দেয় হাই কোর্ট।

পুরনো খবর

পুরনো খবর:

পদ্মা সেতু: ‘ষড়যন্ত্রকারীদের’ চিহ্নিতে কমিশন গঠনের নির্দেশ আদালতের
পদ্মা সেতু নিয়ে ‘ষড়যন্ত্র’: রুল শুনানির জন্য উঠছে হাই কোর্টে
পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত হয়নি কেন: আদালত
পদ্মায় থই পেল না বিশ্ব ব্যাংক
পদ্মা সেতু করতে গিয়ে যে ‘মানসিক যন্ত্রণা’ সইতে হয়েছিল শেখ হাসিনাকে