২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় স্বামীর প্রাণদণ্ড

যৌতুক না দেওয়ায় ২০১৯ সালের ৯ মে স্ত্রী রিভাকে হত্যা করেন শাহীন।

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় স্বামীর প্রাণদণ্ড

দণ্ডিত শাহীন আলম ও তার স্ত্রী রিভা

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 04:02 PM

Updated : 13 Feb 2023, 04:02 PM

রাজধানীর মিরপুরে চার বছর আগে যৌতুক না দেওয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।

আসামি শাহীন আলমের বাড়ি মেহেরপুরের গাংনীর কাজীপুর গ্রামে। সর্বোচ্চ সাজার পাশাপাশি আরেকটি ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে রায়ে।

রায়ের সময় আসামি শাহীন আলম কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাজার আদেশ শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন বলে এ আদালতের পেশকার মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

রায়ের বিবরণে জানা যায় , যৌতুক না দেওয়ায় ২০১৯ সালের ৯ মে স্ত্রী রিভাকে হত্যা করেন শাহীন। পরে রিভার মা সহিদা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে শাহীনকে আসামি করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক এম এ রাহী।

অভিযোগপত্রে বলা হয়, শাহীন আলম যৌতুকের জন্য তিন মাসের অন্তঃসত্ত্বা রিভাকে (১৯) মারধর করেন। এক পর্যায়ে দরজার লোহার পাতে সজোরে তার মাথা ঠুকে যায়। ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিভা।

মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন তারা। তাদের ছিল প্রেমের বিয়ে। ঘটনার তিনমাস আগে শাহীন আলম ঢাকায় নিয়ে আসেন রিভাকে।

পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর ২০২১ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শাহীনের বিচার শুরুর আদেশ দেয় আদালত। বাদীপক্ষে মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য শুনে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন।