২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিরা নির্বাচন নস্যাৎ করতে চাইলে প্রতিহত করা হবে: ডিএমপি কমিশনার

“আসন্ন নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের বিরুদ্ধে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে,” বলেন হাবিবুর রহমান খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 07:41 PM

Updated : 08 Oct 2023, 07:41 PM

কোনো জঙ্গি গোষ্ঠী নির্বাচনকে নস্যাৎ করার অপচেষ্টা করলে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘বিশেষ কার্যক্রম’ গ্রহণের ঘোষণাও দিয়েছেন তিনি।

রোববার বিকালে ঢাকার সিরডাম মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) আয়োজিত ‘উগ্রবাদ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা' শীর্ষক কর্মশালায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাবিবুর বলেন, “নির্বাচনকে সামনে রেখে জঙ্গিদের বিভিন্ন গ্রুপ থাকতে পারে। তবে জঙ্গিরা যদি নির্বাচনকে নস্যাৎ করতে চায়, সেই জঙ্গিদেরকে প্রতিহত করার ক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে।”

আরেক প্রশ্নে তিনি বলেন, “অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান পুলিশের একটি নিয়মিত কার্যক্রম। বিশেষ বিশেষ সময়ে অস্ত্র উদ্ধারের বিরুদ্ধে অভিযান জোরালো করা হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের বিরুদ্ধে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে।” 

জঙ্গিবাদ দমনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসির ভূয়সী প্রশংসাও করেন ডিএমপির নতুন কমিশনার। বলেন, “সিটিটিসি রয়েছে বলে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। বিশ্বের বড় বড় দেশের চাইতেও জঙ্গিবাদের ক্ষেত্রে আমাদের দেশের অবস্থান ভালো আছে।”

জঙ্গিবাদ বাংলাদেশের জন্য ‘নতুন বিষয় নয়’ জানিয়ে তিনি বলেন, “১৯৯২ সালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে উগ্রবাদের শুরু হয়। সেটা বিভিন্ন সময় বিভিন্ন মাত্রা দেয়। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা।”

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকার প্রশংসাও করেন ডিএমপি প্রধান। তিনি বলেন, “সে সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন সাংবাদিকদের লেখনির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

“সাংবাদিকদের মাধ্যমে সুচিন্তিত মতামত নিয়ে পরবর্তী কর্মপন্থা নিয়ে থাকে সিটিটিসি। শুধুমাত্র হার্ড অ্যাপ্রোস নয়, সফট অ্যাপ্রোসের মাধ্যমে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করছে সিটিটিসি।”

অনুষ্ঠানে সিটিটিসির যুগ্ম কমিশনার এ এইচ এম কামরুজ্জামান, উপ পুলিশ কমিশনার হাবীবুন নবী আনিছুর রশিদ, ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, সাংবাদিক জুলফিকার আলী মানিকও উপস্থিত ছিলেন।