তৌহিদী জনতার নামে বাধা প্রতিহত করা হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে: তথ্য উপদেষ্টা
“জেনুইন তৌহিদী জনতার আসলে এ ধরনের কাজ করার কথা না, হামলা করতে যেতে পারে না,” বলেন তিনি।
যাত্রা ও সার্কাসের নামে অশ্লীলতা, মাদক কিংবা জুয়ার আসর বসলে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ‘সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে’ তৌহিদী জনতা বা অন্য কোনো নামে কেউ বাধা দিলে সেটিও প্রতিহত করা হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি একথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, “তৌহিদী জনতার নাম দিয়ে নানান রকম প্রোগ্রামের বিরুদ্ধে এক ধরনের ক্যাম্পেইন আছে কিছু মানুষের। নাম দিয়ে বলছি আমরা; যারা তৌহিদী জনতার নামে…; আমি বারবার বলছি, আগেও একদিন বলেছি জেনুইন তৌহিদী জনতার আসলে এ ধরনের কাজ করার কথা না, হামলা করতে যেতে পারে না।
“যেখানে এই ঘটনাগুলো ঘটছে না, যে জিনিসগুলোকে আমরাও মনে করছি অন্যায়, এটা আমরা হতে দেব না।”
তিনি বলেন, “এগুলো (সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড) আমরা নিশ্চিতভাবেই করব এবং যারা নানান নাম নিয়ে এগুলোতে বাধা দিতে আসেন, সরকার সেগুলোকে নিশ্চয়ই প্রতিহত করবে।”
সাংস্কৃতিক ঐতিহ্য ফেরানোর উদ্যোগের মধ্যে যাত্রা ও সার্কাসের নামে ‘অশ্লীল নৃত্য’ ও জুয়া নিয়ে তিনি বলেন, “এই যে আমরা যাত্রা বা সার্কাসকে রিভাইভ (ফিরিয়ে আনা) করার চেষ্টা করছি, এখানে দুটো সংকট আছে। একটা ফ্যাক্ট যে এগুলোর সঙ্গে এক ধরনের অশ্লীলতা জড়িয়ে পড়েছে। একইসঙ্গে এখানে নিষিদ্ধ…বাংলাদেশে জুয়া কিন্তু সাংবিধানিকভাবে নিষিদ্ধ জিনিস। এটা বেআইনি। এটা এখানে বা অনলাইনে কোথাও কেউ যদি জুয়া খেলে থাকেন তিনি জানবেন একটা অবৈধ কাজ করছেন, একটা ক্রিমিনাল অফেন্স করছেন।”
যাত্রা ও সার্কাস দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, “আমরা তাদের কাছে একটা বার্তা খুব স্পষ্টভাবে দিয়েছি, যদি সুস্থভাবে যাত্রা এবং সার্কাস করে তাহলেই সেটা চলবে।
“আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে ওগুলো (অশ্লীল নৃত্য ও জুয়া) বাদ দিয়ে কি চালানো সম্ভব? প্রফিট করা সম্ভব? কারণ ওনাদের তো একটা দল আছে, এটা তার জীবিকা। ওনারা আমাদেরকে দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন এটা সম্ভব।”
এ বিষয়ে ডিসিদের কঠোর নির্দেশনা দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা ডিসিদের এই নির্দেশনা পাঠিয়েছি। এই জিনিসগুলো যদি কেউ ভঙ্গ করে, অবৈধ কিছু যদি থাকে, এর মধ্যে কোনো অশ্লীলতা যদি থাকে, এর মধ্যে যদি মাদক বা এর সঙ্গে যদি জুয়ার মতো বিষয় থাকে, সেই দলকে আসলে আমরা আর ভবিষ্যতে কনসিডার (বিবেচনা) করব না, নিষিদ্ধ করে দেব।”
তরুণদের ‘বিপথে যাওয়া ঠেকাতে’ সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, “আমরা মনে করি, আমাদের এই কালচারাল অ্যাক্টিভিটিজ মানুষকে শুধু বিনোদিত করা না, এর সঙ্গে মানুষের আরও অনেক কিছু, বিশেষ করে তরুণদের নানান রকম বিপথে যাওয়ার যে প্রবণতা আছে, সেগুলো থেকে আমরা বের করে আনতে পারব।”
