‘চুরি না করার’ প্রতিশ্রুতি দিয়ে ইউপি সদস্য, এবার চুরির অভিযোগে কারাগারে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ওই ইউপি সদস্য রংপুরের পীরগঞ্জে চুরি করার সময় জনতার হাতে আটক হন বলে জানায় পুলিশ।
রংপুরের পীরগঞ্জ উপজেলায় চুরি করার সময় জনতার হাতে আটক গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার জানা জানি হয়।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক।
কারাগারে যাওয়া রনজু মিয়া (৪৫) সাদুল্লাপুর উপজেলায় ইদিলপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর (কাঁঠাল লক্ষ্মীপুর) গ্রামের প্রয়াত রাজা মিয়ার ছেলে।
এদিন দুপুরে ওসি নাজমুল হক বলেন, ব্যাটারিচালিত অটো রিক্সাভ্যান চুরি করার সময় জনতার হাতে আটক হন রনজু। বুধবার আদালতের মাধ্যমে তাকে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়।
ইদিলপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, রনজুর বিরুদ্ধে সাদুল্লাপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তার কারণে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তিনি বলেন, কিছুদিন আগেও রনজু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন। এরপর তাকে বরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়।
অটো রিক্সাভ্যান চালক আশরাফুল ইসলাম বলেন, মঙ্গলবার গভীর রাতে বাড়ির ভিতরে অটো ভ্যানের কাছে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান তিনি। এ সময় তিনি চিৎকার করলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন।
তবে বাড়ির আঙিনায় লাগানো লাউ ও কুমড়া গাছের বেড়ার জালে তিনি জড়িয়ে আটকে যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে দেন।
ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মণ্ডল বলেন, “রনজু ইউপি সদস্য হলে আর চুরি করবেন না প্রতিশ্রুতি দিলে, এলাকাবাসী তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। কিন্তু ভালো হবার প্রতিশ্রুতি দিলেও রনজু বাদ দিতে পারেননি পুরোনো অভ্যাস।”
