‘সবুজে’ ২৪ ঘণ্টা বসার সুযোগ হকারদের, ‘লালে’ মানা: তাপস
হকারদের জন্য একটি নীতিমালা করতে মেয়রের প্রতি আহ্বান রাশেদ খান মেননের।
ঢাকায় নির্বিঘ্নে ব্যবসা করতে হকারদের এলাকা নির্ধারণ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক অনুষ্ঠানে তিনি বলেন, “লাল, হলুদ, সবুজ এলাকা চিহ্নিত করে দেব। সবুজে আপনারা নির্দ্বিধায় ২৪ ঘণ্টা ব্যবসা করতে পারবেন। আপনাদেরকে কেউ উচ্ছেদ করতে আসবে না।”
পর্যায়ক্রমে এসব এলাকা চিহ্নিত করে দেওয়া হবে বলে জানান তিনি। এরমধ্যে লাল এলাকায় বসা যাবে না এবং হলুদ চিহ্নিত স্থানে নির্ধারিত সময়ে ব্যবসা করতে পারবেন হকাররা।
মেয়র তাপসকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ।
এর আগে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর অতি গুরুত্বপূর্ণ সড়ককে লাল হিসেবে চিহ্নিত করার ঘোষণা দিয়েছিলেন ঢাকা দক্ষিণের মেয়র তাপস।
এর তিন দিন পর ১১ সেপ্টেম্বর গুলিস্তানের জিরো পয়েন্ট ও বায়তুল মোকাররম এলাকায় হকার উচ্ছেদে অভিযানে নেমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ব্যস্ত এ এলাকার সড়ককে ‘লাল’ হিসেবে চিহ্নিত করার কথা জানিয়েছিল।
এখন পর্যন্ত দুটো সড়ক লাল চিহ্নিত করা হয়েছে বলে এদিন অনুষ্ঠানে জানান মেয়র। এ দুটি সড়ক হল- বঙ্গভবন থেকে জিরো পয়েন্ট এবং মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসাদ পুলিশ বক্স হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক আর নগর ভবনের সামনের সড়ক (ফিনিক্স সড়ক)।
এ দুই সড়কে হকারদের না বসার অনুরোধ করে তিনি বলেন, হলুদ চিহ্নিত স্থান কিছু কিছু সময় খালি করে দিতে হবে। যেহেতু যানবাহন চলাচল করে, তা মাথায় রেখে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটা নির্ধারিত সময়ের পরে খালি করে দিতে হবে। আপনাদেরকে কেউ উচ্ছেদ করতে আসবে না।
“এভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। পর্যায়ক্রমে সেগুলো আপনাদের সাথে বসে আমরা ঠিক করব। কিন্তু আপনারা যদি আমাকে না দেখান (লাল চিহ্নিত সড়কে বসা থেকে বিরত থাকা) তাহলে আমিও আপনাদেরকে দেখাতে পারব না। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। তাহলে আমরা সচল ঢাকা ও সুন্দর ঢাকা গড়তে পারব।”
সুন্দর ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রত্যাশা করে তাপস বলেন, “আপনারা সিটি করপোরেশনের অংশীজন। আপনাদের জন্যই সিটি করপোরেশন। সুতরাং সিটি করপোরেশনের নীতিমালা, নির্দেশনা পালন করলে আপনারাই উপকৃত হবেন। সিটি করপোরেশন আপনাদের প্রতিপক্ষ না।
“আপনাদের দুঃখ, দুর্দশা, কষ্ট লাঘব করার একমাত্র প্রতিষ্ঠান হল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু আমি তখনই আপনাদের ওপর আস্থা রাখতে পারব। যখন আপনারা করপোরেশনের নির্দেশনা পালন করবেন। আপনারা শৃঙ্খলাবদ্ধ হবেন। আপনারা সুষ্ঠু বাস্তবায়নে এগিয়ে আসবেন।”
অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, “মেয়র মহোদয়ের প্রতি আমার একটি অনুরোধ থাকবে। একটি আবেদন থাকবে। হকার ব্যবস্থাপনায় আইন প্রণয়য় করতে হয়ত সময় লাগবে। কিন্তু অন্ততপক্ষে, আপনার আমলে যদি একটি নীতিমালা করে দেন, তাহলে হকাররা মাস্তানের অত্যাচার, পুলিশের অত্যাচার থেকে রক্ষা পাবে।”
বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ভারতের ন্যাশনাল হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ বক্তব্য রাখেন।
