অবরোধ: দক্ষিণের পথে যাত্রী কম
কাউন্টার খুললেও যাত্রী কম। সকাল ১০টা পর্যন্ত ঢাকা-বরিশাল রুটের কোনো বাস ছাড়েনি সায়দাবাদ টার্মিনাল থেকে।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন রাজধানীর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করলেও দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা যায়নি তেমন।
সহিংসতার শঙ্কা আর যাত্রী কম থাকায় মঙ্গলবার যাত্রাবাড়ী ও সায়দাবাদ টার্মিনালের বাস কাউন্টারগুলো খুলেছে দেরিতে। সকালে অল্প কিছু যাত্রী নিয়েই গন্তব্যে ছুটেছে দুয়েকটি বাস। তবে বেশিরভাগ বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় টার্মিনালে।
সকালে দুয়েকটি কাউন্টার খুললেও ছিল যাত্রী সংকট। সকাল ১০টা পর্যন্ত ঢাকা-বরিশাল রুটের কোনো বাস ছাড়েনি সায়দাবাদ টার্মিনাল থেকে। খুলনা ও বাগেরহাটগামী দু-একটি বাস কাউন্টার খুললেও ছিল যাত্রীর অপেক্ষায়।
যাত্রাবাড়ী থেকে মাওয়া, শরীয়তপুর, ভাঙ্গা ও মাদারীপুর পথে দু-একটি বাসকে ১৫-২০জন যাত্রী নিয়েই ছুটতে দেখা গেছে।
বাগেরহাট, মোড়লগঞ্জ, পিরোজপুর এলাকায় চলাচলকারী দোলা পরিবহনের সায়দাবাদ কাউন্টারের ম্যানেজার আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে একটা ট্রিপের বাস ছেড়েছি। তাও অল্প যাত্রী নিয়ে। এখন বাস আছে, যাত্রী পেলে তারপর ছাড়ব।”
দোলা পরিবহনের কাউন্টারের সামনে বাগেরহাটের যাত্রী আবুল হোসেন বলেন, “অনিশ্চয়তা নিয়ে এসেছি। গাড়ি পাব কিনা জানি না। ছেলে অসুস্থ তাই জরুরি যেতে হবে। গাড়ি যদি ছাড়ে তাহলে যাব।”
কাউন্টার খুলে যাত্রীর জন্য অপেক্ষায় ছিলেন সায়দাবাদের শ্যামলী কাউন্টারের জাহাঙ্গীর বাদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সব রুটে চলাচলের জন্য বাস আছে। অনলাইনে টিকেট সিস্টেমও চালু আছে। কিন্তু যাত্রী নেই। যাত্রী এলে গাড়ি ছাড়ব।”
সায়দাবাদে এমন কয়েকটি কাউন্টার খোলা থাকলেও বেশিরভাগ কাউন্টার ছিল বন্ধ। যাত্রাবাড়ী থেকে বরিশাল রুটে বেশি চলে বিএমএফ ও ইলিশ পরিবহনের বাস। শরীয়তপুর, মাওয়া ও ভাঙ্গার বাসও পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এখান থেকে ছাড়ে।
এমনিতে ১৫ মিনিট বা আধাঘণ্টা পরপর এসব রুটের বাস ছাড়লেও মঙ্গলবার সকালে দুই ঘণ্টায় একটি মাত্র বাস ছাড়ার কথা জানিয়ে ইলিশ পরিবহনের কাউন্টার ম্যানেজার মিজানুর রহমান বলেন, “বাস একটা ছাড়লেও যাত্রী পেয়েছি ২০ জন।”
বরিশাল রুটে চলাচলকারী সার্বিক পরিবহনের এক কাউন্টার ম্যানেজার জানান, সকাল ৮টা পর্যন্ত একটি গাড়ি ছেড়ে গেছে। পথে কোনো সমস্যা না হলেও যাত্রী নেই। আরেকটি গাড়ি ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
২৮ অক্টোবর নয়া পল্টনে ছিল বিএনপির মহাসমাবেশ। কিন্তু সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে কাকরাইলে সংঘর্ষ শুরু হয়, পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
তাতে সমাবেশ পণ্ড হয়ে গেলে হরতাল ডাকে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে পোড়ানো হয় যানবাহন, সহিংসতায় প্রাণহানিও ঘটে।
রোববার হরতাল শেষে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অবরোধ ডাকে বিএনপি। তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীও সোমবার একই কর্মসূচি দেয়। তবে অবরোধের মধ্যেও সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চালু রাখার ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে চট্টগ্রামে দুটি বাসে আগুন দেওয়ার খবর এসেছে। পথে এমন সহিংসতার শঙ্কার কারণেই যাত্রী কম এবং বাস ছাড়া নিয়ে সংশয়ের কথা বলছেন পরিবহন শ্রমিকরা।
তবে সহিংসতা রোধে সায়দাবাদ, যাত্রাবাড়ী ও কাজলা এলাকামহ রাজধানীতে পুলিশের টহলও দেখা যায়।
