০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ছাত্রী হেনস্তার অভিযোগে ১২ বাস আটকে দিলেন জাবি শিক্ষার্থীরা

প্রক্টর বলেন, অভিযুক্ত ব্যক্তির অনুশোচনা প্রকাশ ও ক্ষমা চাওয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 09:48 PM

Updated : 02 Nov 2026, 09:51 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বাসে হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগে ইতিহাস পরিবহনের ১২টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বাসগুলো আটক করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে রাখা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী। তার অভিযোগ, রোববার ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার সময় একটি বাসে ওঠেন তিনি। তবে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাসা থেকে ফোন করে তাকে আবার ক্যাম্পাসে ফিরে আসতে বলা হয়। তখন সেই বাস থেকে নেমে রাস্তা পার হয়ে ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন তিনি।

ওই ছাত্রী বলেন, হেমায়েতপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত ভাড়া ১০ টাকা হলেও বাসের কন্ডাক্টর তার কাছ থেকে ২০ টাকা নেন।

পরে নির্ধারিত স্থানে বাস না থামিয়ে তাকে চলন্ত বাস থেকে নামতে বলেন কন্ডাক্টর। বাস থামানোর পর নামবেন জানালে ওই বাসকর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থী।

ছাত্রীর ভাষ্য, এ সময় চিৎকার করলে কন্ডাক্টর আর এগোননি। বাস থেকে নামার পর তাকে ও তার সঙ্গে থাকা আরেকজনকে উদ্দেশ করে গালিগালাজ ও দুর্ব্যবহার করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আব্দুল হালিম বলেন, “রোববার বাসভাড়া নিয়ে ইতিহাস পরিবহনের একটি বাসের চালকের সহকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ করেন। এর প্রতিবাদে সোমবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে কয়েকটি বাস আটক করেন এবং অভিযুক্ত ব্যক্তির ক্ষমা চাওয়ার দাবি জানান।”

তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাস কর্তৃপক্ষকে জানানো হলে তারা অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে নিয়ে আসে। ভুক্তভোগী শিক্ষার্থীর চাওয়া অনুযায়ী, কোনো আর্থিক ক্ষতিপূরণ নয়; বরং অভিযুক্ত ব্যক্তির অনুশোচনা প্রকাশ ও ক্ষমা চাওয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”