নৌকার এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড
গোপন কক্ষে ঢুকে নিজেই ইভিএম বাটন টিপে এক নারী ভোটারের ভোট দিয়ে দেওয়ার অভিযোগে এই শাস্তি।
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর এক পোলিং এজেন্টকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একজন বিচারিক হাকিম।
বৃহস্পতিবার এ ইউপির শিবপুর মুসলিম হাই স্কুল কেন্দ্রে ভোটের দায়িত্বে থাকা একজন জ্যেষ্ঠ বিচারিক হাকিম নৌকা প্রতীকের পোলিং এজেন্ট সুমী আক্তারকে এই শাস্তি দেন।
সুমী আক্তার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী দিলদার হোসেন ওরফে জুনায়েদের পোলিং এজেন্ট ছিলেন। সুমীর বিরুদ্ধে অভিযোগ, তিনি গোপন কক্ষে ঢুকে নিজেই ইভিএম বাটন টিপে এক নারী ভোটারের ভোট দিয়ে দেন।
নোয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নোয়ান্নই ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং মোহাম্মদ জুলকার নাঈম নির্বাচন কমিশনে পাঠানো প্রতিবেদনে বলেছেন, নৌকা প্রতীকের পোলিং এজেন্ট সুমী আক্তার নির্বাচন বিধিমালার ৭৭(১) বিধি ভঙ্গ করায় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেট সাড়ে ৪টা পর্যন্ত দেশের পাঁচটি পৌরসভা ও ৪৭টি ইউপিতে সাধারণ, ৩৪টি ইউপিতে উপ-নির্বাচন এবং একটি সিটি করপোরেশনে সংরক্ষিত ওয়ার্ডে উপ নির্বাচন হয়। এর মধ্যে ৮৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং একটি ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়।
