মাদক মামলায় অভিযুক্ত ‘গোল্ডেন মনির’
এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ২ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন বিচারক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার মেরুল বাড্ডার আলোচিত মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বাড্ডা থানার এ মামলায় বৃহস্পতিবার মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ২ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম।
এ ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাহউদ্দিন হাওলাদার জানান, মনিরকে এদিন আদালতে হাজির করার পর তার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
২০২০ সালের ২০ নভেম্বর ঢাকার বাড্ডায় মনিরের বাড়িতে অভিযান চালিয়ে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করে।
পরদিন অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা হয় তার বিরুদ্ধে। তখন থেকেই তিনি কারাগারে আছেন।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল মালেক মাদক ও অস্ত্র আইনের দুই মামলায় মনিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন ২০২১ সালের ২৬ জানুয়ারি।
এর মধ্যে অস্ত্র আইনের মামলায় গতবছর ২৩ অগাস্ট অভিযোগ গঠন হয় মনিরের বিরুদ্ধে। এবার মাদক মামলাতেও বিচার শুরুর আদেশ হল। দুদকও তার বিরুদ্ধে তদন্ত করছে।
