সার আত্মসাৎ: কামরুল আশরাফ খান পোটনের জামিন
দুদকের করা এ মামলার আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন, বিচারক তা মঞ্জুর করেছেন।
সার আত্মসাতের মামলায় আন্তবর্তীকালীন জামিন পেলেন নরসিংদী-২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনসহ পাঁচজন।
দুদকের করা এ মামলার আসামিরা আত্মসমর্পণ করে বুধবার জামিনের আবেদন করেছিলেন। শুনানি করে ঢাকার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ বিশেষ জজ ফয়সল আতিক বিন কাদের আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া অপর আসামিরা হলেন- ঠিকাদারি কোম্পানি পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদত হোসেন নিপু ও মো. নাজমুল আলম বাদল, পোটন ট্রেডার্সের উত্তরবঙ্গ প্রতিনিধি সোহরাব হোসেন এবং খুলনা ও নওয়াপাড়ার প্রতিনিধি মো. আতাউর রহমান।
৫৮১ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. রফিকুজ্জামান গত ২৬ নভেম্বর ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩০ জুলাইয়ের মধ্যে ওই আত্মসাতের ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়।
এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২১-২০২২ অর্থ বছরে বিদেশ থেকে ইউরিয়া সার সরবরাহের জন্য আমদানি করলেও চুক্তির শর্ত ভঙ্গ করে ৫৮১ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৬৪ টাকার ৭১ হাজার ৮০১ টন ৩১ কেজি সার বাফার গুদামে না দিয়ে আত্মসাৎ করেন।
দুদক বলছে, কামরুল আশরাফ খানের মালিকানাধীন ঠিকাদারি কোম্পানি পোটন ট্রেডার্সের ৫০ দিনের মধ্যে সার গুদামে পৌঁছে দেওয়া কথা ছিল। সেটা না করে সার ট্রানজিটে রয়েছে বলে বিসিআইসিকে মিথ্যা তথ্য দেন আসামিরা।
