‘প্রিজন ভ্যানের ঝাঁকুনিতে অসুস্থতা বাড়ে’: অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে নেওয়ার আবেদন কামরুলের
ক্যান্সার, পিঠে ব্যথা ও হাড়ের সমস্যার কথা জানিয়ে ট্রাইব্যুনালে এই আবেদন করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আইনজীবী।
কারাগারে থাকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে প্রিজন ভ্যানের পরিবর্তে অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা-নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী।
আইনজীবী বদিউজ্জামান তপাদার বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ আবেদন করেন।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন কামরুল ইসলাম।
শুনানিতে আইনজীবী বদিউজ্জামান ট্রাইব্যুনালকে বলেন, সাবেক এই মন্ত্রী অসুস্থ। তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হয়। এ সময় গাড়ির ঝাঁকুনিতে তার শারীরিক সমস্যা বাড়ে।
এ কারণে তাকে অ্যাম্বুলেন্সে করে আনা-নেওয়ার অনুমতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আর্জি জানান আইনজীবী।
জবাবে ট্রাইব্যুনাল বলে, “এখন দেশের অবস্থা ভালো না। তার নিরাপত্তার বিষয় আছে। পরিস্থিতির উন্নতি হলে অ্যাম্বুলেন্সের বিষয়টি বিবেচনা করা হবে।”
পরে আইনজীবী বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি অসুস্থ, দীর্ঘদিন যাবত ক্যান্সারের রোগী। এছাড়া ব্যাক পেইন ও হাড়ের সমস্যা আছে। প্রিজন ভ্যান বড় গাড়ি হওয়ায় এর ঝাঁকুনি উনার শরীর নিতে পারে না, উনি অনেক অসুস্থ হয়ে পড়েন।
“এ কারণে শুধু উনাকে যাতে বিশেষভাবে অ্যাম্বুলেন্সে আনা হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে আমরা আবেদন করেছি।”
এ বিষয়ে ট্রাইব্যুনাল পরে আদেশ দেবেন বলে জানান এই আইনজীবী।
জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডাসহ আশপাশের এলাকায় ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের এ মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
মামলায় কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পর্যায়ে থেকে তারা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর ‘মারণাস্ত্র ব্যবহারের পাশাপাশি কারফিউ জারির প্ররোচনা দিয়ে ধারাবাহিক ষড়যন্ত্রে’ যুক্ত ছিলেন।
এর ধারাবাহিকতায় রাজধানীর বাড্ডাসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরে ৩০ এপ্রিল ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।
২০২৪ সালের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। মামলার অপর আসামি রাশেদ খান মেননকে একই বছরের ২২ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।
