ফারজানা রুপার পক্ষে লড়তে চান ২ ব্রিটিশ আইনজীবী
সাংবাদিকদের আইনি সুরক্ষা নিয়ে কাজ করা এ দুই আইনজীবী হলেন, জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াইয়ের জন্য বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন যুক্তরাজ্যের দুই আইনজীবী।
মঙ্গলবার বার কাউন্সিলে এই আনুষ্ঠানিক আবেদন জমা দেন ফারজানা রুপার আইনজীবী মাহবুব শফিক।
দুই ব্রিটিশ আইনজীবী হলেন, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক। দুজনই সাংবাদিকদের আইনি সুরক্ষা নিয়ে কাজ করেন।
এর আগে গত ১ অক্টোবর এই দুই আইনজীবী বার কাউন্সিলে ইমেইলের মাধ্যমে আবেদন পাঠান বলে মাহবুব শফিকের ভাষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এই দুই আইনজীবী নিজ থেকে আগেই বার কাউন্সিলে ইমেইলের মাধ্যমে ফারজানা রুপার আইনজীবী হিসেবে থাকার আবেদন করেছেন। আজ ফারজানা রুপার আইনজীবী হিসেবে আমাকে দিয়েও একটা আনুষ্ঠানিক আবেদন বার কাউন্সিলে দিয়েছেন।"
বার কাউন্সিলে দেওয়া মাহবুব শফিকের চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের শুনানিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে, তবে এজন্য বার কাউন্সিলের অনুমতি প্রয়োজন।
আগামী ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ফারজানা রুপার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
মামলার বিচারকাজ দ্রুত গতিতে এগিয়ে চলায় বিদেশি আইনজীবীদের অনুমতির বিষয়টি জরুরি দাবি করে বার কাউন্সিলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
বার কাউন্সিল সচিব মোহাম্মদ কামাল হোসেন সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের আবেদন আমরা কাউন্সিলের এজেন্ডাভুক্ত করে উত্থাপন করি। কাউন্সিল আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত দেন। ফারজানা রুপার আইনজীবী নিয়োগেও এ প্রক্রিয়া অনুসরণ করা হবে।"
দেশের বাইরে যাওয়ার সময় ২০২৪ সালের ২১ অগাস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের। ওই মামলায় পরের দিন তাদের চার দিনের রিমান্ডে পাঠায় আদালত।
পরে আদাবর থানায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং পাঁচ দিনের রিমান্ড হয়।
২০২৪ সালের ৩১ অগাস্ট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
২০২৬ সালের ১১ মে হাই কোর্ট ফারজানা রূপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছিল। তবে আরও একটি মামলায় জামিন না হওয়ায় তখন তারা মুক্তি পাননি।
পরে ৭ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি তাদের ওই জামিনের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে জামিন প্রশ্নে হাই কোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়।
একাত্তর টেলিভিশন ২০২৪ সালের ৮ অগাস্ট শাকিল ও রূপাকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়।
