১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কারাবন্দি সাংবাদিক রুপাকে হাসপাতালে ভর্তি

তিনি ফ্যাটি লিভার ও স্ত্রীরোগসংক্রান্ত জটিলতায় তিনি ভুগছেন, বলেন জেলার মাসুদ।

কারাবন্দি সাংবাদিক রুপাকে হাসপাতালে ভর্তি
ফারজানা রূপা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 07:37 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

জুলাই আন্দোলনের সময় হত্যার মামলায় কারাগারে থাকা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার তাকে ভর্তি করা হয় বলে জানান কারা অধিদপ্তরের ডিআইজি (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্দ আখতার হাসিব দেওয়ান।

বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।”

মুন্সিগঞ্জ কারাগারে রূপা অসুস্থ হয়ে পড়ায় তাকে বিএমইউ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয় বলে কারা অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন।

ফ্যাটি লিভার ও স্ত্রীরোগসংক্রান্ত জটিলতায় তিনি ভুগছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কারা অধিদপ্তরের মিডিয়া অফিসের কর্মকর্তা জেলার মাসুদ হাসান জুয়েল।

দেশের বাইরে যাওয়ার সময় ২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় পরের দিন তাদের চার দিনের রিমান্ডে পাঠায় আদালত। 

পরে আদাবর থানায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং পাঁচ দিনের রিমান্ড হয়। 

২০২৪ সালের ৩১ অগাস্ট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

২০২৬ সালের ১১ মে হাই কোর্ট ফারজানা রূপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছিল। তবে প্রত্যেকের আরও একটি মামলায় জামিন না হওয়ায় তখন তারা মুক্তি পাননি। 

পরে ৭ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি তাদের ওই জামিনের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে জামিন প্রশ্নে হাই কোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়।

একাত্তর টেলিভিশন ২০২৪ সালের ৮ অগাস্ট শাকিল ও রূপাকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছিল।