অসুস্থ ফারজানা রূপার সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি
রূপা বর্তমানে বিএমইউ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন।
জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপার সঙ্গে তার দুই সন্তানকে সাক্ষাতের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অনুমতি দেন।
ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফারজানা রুপা অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন। তার এক ছেলে ও এক মেয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।”
এর আগে অসুস্থ রূপাকে গত ৩০ অগাস্ট হাসপাতাল ভর্তি করা হয় বলে তথ্য দেন কারা অধিদপ্তরের ডিআইজি (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্দ আখতার হাসিব দেওয়ান।
বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
মুন্সিগঞ্জ কারাগারে বন্দি থাকা রূপা অসুস্থ হয়ে পড়ায় তাকে বিএমইউ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয় বলে কারা অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন।
কারা অধিদপ্তরের মিডিয়া অফিসের কর্মকর্তা জেলার মাসুদ হাসান জুয়েল বলেছেন, রূপা ফ্যাটি লিভার ও স্ত্রীরোগ সংক্রান্ত জটিলতায় ভুগছেন।
দেশের বাইরে যাওয়ার সময় ২০২৪ সালের ২১ অগাস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের। ওই মামলায় পরের দিন তাদের চার দিনের রিমান্ডে পাঠায় আদালত।
পরে আদাবর থানায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং পাঁচ দিনের রিমান্ড হয়।
২০২৪ সালের ৩১ অগাস্ট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
২০২৬ সালের ১১ মে হাই কোর্ট ফারজানা রূপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছিল। তবে আরও একটি মামলায় জামিন না হওয়ায় তখন তারা মুক্তি পাননি।
পরে ৭ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি তাদের ওই জামিনের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে জামিন প্রশ্নে হাই কোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়।
একাত্তর টেলিভিশন ২০২৪ সালের ৮ অগাস্ট শাকিল ও রূপাকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছিল।
