০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

জেনিভা ক্যাম্প: বুনিয়া সোহেলের পর চুয়া সেলিমও র‌্যাবের জালে

গত ৪ সেপ্টেম্বর গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

জেনিভা ক্যাম্প: বুনিয়া সোহেলের পর চুয়া সেলিমও র‌্যাবের জালে
সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 11:49 AM

Updated : 10 Sep 2026, 12:29 PM

ঢাকার মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পের ‘শীর্ষ মাদক কারবারি’ ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল ধরা পড়ার দুই মাস বাদে তার প্রতিপক্ষ সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমও গ্রেপ্তার হয়েছেন। 

বুধবার গভীররাতে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু।

তিনি বলেন, “চুয়া সেলিম হাসপাতালে ভর্তি ছিলেন, চিকিৎসক ছাড়পত্র দিলে তাকে গ্রেপ্তার করা হয়। চুয়া সেলিম দুটি হত্যা মামলাসহ ৩৫টি মামলার আসামি।”

গত ৪ সেপ্টেম্বর জেনিভা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে বিদ্ধ হয়ে চুয়া সেলিম গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। এর চার মাস বাদে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে র‌্যাবের হাতে ধরা পড়লেন তিনি।

জেনিভা ক্যাম্পের কোটি টাকার মাদক কারবারের দখল নিয়ে দ্বন্দ্ব বহুদিনের। তবে দেশের অস্থিরতার সময়- গেল জুলাই থেকে লাগাতার সংঘর্ষে জড়িয়েছে সেখানকার দুটি পক্ষ। 

আর সেই সংঘাত প্রাণক্ষয়ী হয়ে উঠেছে লুট হওয়া অস্ত্রে। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেনিভা ক্যাম্বের সংঘাতে ব্যবহৃত হয় থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র। তাতে কয়েক মাসে অন্তত পাঁচজন নিহত হয়েছে।

ফাইল ছবি

ফাইল ছবি

জেনিভা ক্যাম্পের বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বছর কয়েক আগে পুরো ক্যাম্পের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ছিল নাদিম হোসেন ওরফে পাঁচ্চিশ ও ইশতিয়াক নামের দুই যুবকের হাতে। দুজনই মাদক কারবার করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন, পালতেন ব্যক্তিগত বাহিনী।

২০১৮ সালের জুলাইয়ে পূর্বাচলে র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হন পাঁচ্চিশ। এরপর ভারতে পালিয়ে যান ইশতিয়াক। মহামারীর সময় কোভিড আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে ক্যাম্পে জনশ্রুতি আছে। 

পাঁচ্চিশ ও ইশতিয়াকের অবর্তমানে ক্যাম্পের শতকোটি টাকার মাদক কারবারের দখল নিতে উঠেপড়ে লাগে দুটি পক্ষ। একটি পক্ষের নেতৃত্বে আছেন বুনিয়া সোহেল, আরেকটি পক্ষের নেতা চুয়া সেলিম। আর বুনিয়া সোহেলের সঙ্গে যুক্ত হন সৈয়দপুইরা (নীলফামারীর সৈয়দপুর থেকে আসা ‘বিহারি’) নামের আরেকটি পক্ষের নেতা বাবু ওরফে সৈয়দপুইরা বাবু।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সংঘাতের কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হচ্ছিল জেনিভা ক্যাম্প। এর মধ্যে ৩১ অক্টোবর সিলেটের কোতোয়ালী ও হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে বুনিয়া সোহেলসহ ১২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। তার দুই মাস বাদে চুয়া সেলিমকেও গ্রেপ্তার করল পুলিশের এই এলিট ফোর্স।

আরও পড়ুন

জেনিভা ক্যাম্পের 'শীর্ষ মাদক কারবারি' সোহেলসহ গ্রেপ্তার ১২

জেনিভা ক্যাম্প: শতকোটির মাদক সাম্রাজ্য নিয়ে প্রাণক্ষয়ী সংঘাত