০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ট্রেনের নিরাপত্তায় এবার র‌্যাবের ডগ স্কোয়াড

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় প্রাথমিকভাবে চারজনকে সন্দেহের তালিকায় রেখেছে বাহিনীটি।

ট্রেনের নিরাপত্তায় এবার র‌্যাবের ডগ স্কোয়াড

কমলাপুর রেল স্টেশনে ডগ স্কোয়াড নিয়ে র‌্যাব-৩ এর একটি দলের তল্লাশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 08:50 PM

Updated : 21 Dec 2023, 10:49 PM

বিএনপি-জামায়াত ও সমমনাদের আন্দোলনের মধ্যে নাশকতার ঘটনায় উদ্বেগের মধ্যে রেলের নিরাপত্তায় একাধিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‌্যাব। এর একটি হলো ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর কমলাপুর স্টেশনে র‌্যাব-৩ এর অধিনায়ক কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, “রেলের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের টিম রেলের বগিগুলো (কোচ) স্ক্যান করবে।

“সাধারণভাবে ও ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হবে। বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি। রেল পুলিশের সঙ্গে সমন্বয় করে এসব পদক্ষেপ নেওয়া হবে।”

র‌্যাব-৩ এর একটি দল এদিন কমলাপুর স্টেশনে ডগ স্কোয়াড নিয়ে যায়।

সেখানে সংবাদ সম্মেলনে কর্নেল আরিফ বলেন, ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস, টাঙ্গাইলে কমিউটার ট্রেন, মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেস, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন দেওয়া হয়েছে। এসব নাশকতাকে কেন্দ্র করে জনগণের জানমাল রক্ষায় র‌্যাব-৩ কমলাপুর রেলস্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

পুরানো খবর:

নিরাপদ বাহনও ‘অনিরাপদ’, রেল নাশকতা ঠেকাবে কীভাবে
নিরাপদ রেলে এমন নাশকতা, মানুষ যাবে কোথায়?

গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রোল প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও অব্যাহত আছে।”

Image

কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের তল্লাশি

গত ২৯ অক্টোবর থেকে বিএনপি-জামায়াত ও সমমনাদের আন্দোলনের মধ্যে গত কয়েকদিনে ট্রেনে নাশকতা উদ্বেগ ছড়িয়েছে। একটি ঘটনায় রেল লাইন কেটে দেওয়া হয়েছে গাজীপুরে, একাধিক ট্রেনে দেওয়া হয়েছে আগুন।

সবচেয়ে প্রাণঘাতি ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ভোরে। সেদিন নেত্রকোণা থেকে ঢাকায় আসার পথে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেওয়া হয় বিমানবন্দর স্টেশনের পরে। এতে প্রাণ হারায় চার জন।

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় ৪

নেত্রকোণা-ঢাকা রুটে চলা মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় প্রাথমিকভাবে চারজনকে সন্দেহের তালিকায় রাখার কথাও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক।

তিনি বলেন, “খুবই প্রাথমিক পর্যায়ে এটা। মাঠ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে চারজনকে সন্দেহ করছি। এটা বলছি না যে, এই চারজনই এটা করেছে বা আর কেউ নেই।”

পুরানো খবর:

আগুন বিমানবন্দরে, তবুও তেজগাঁও গেল কেন ট্রেন?
‘বাবা জীবনের লাইগ্যা গেছেগা’, বিএনপি নেতার ছেলের কান্না

যাদের সন্দেহ করা হচ্ছে তারা কারা- এই প্রশ্নে তিনি বলেন, “তারা ভাসমান টাইপের। এদেরকে ভাড়া করে আনা হয়েছে।”

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাদেরকে সন্দেহ করা হচ্ছে না জানিয়ে কর্নেল আরিফ বলেন, “প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়।

“কিছু লোক তাদের ট্রেনে উঠতে-নামতে দেখেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা বিমানবন্দর বা আশপাশের কোনো স্টেশন থেকে ট্রেনে ওঠেন।”

Image

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানিয়েছেন, মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় তারা অনেকের নাম পেয়েছেন

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় একই দিন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদও। তিনি বলেন, “জাতীয় নির্বাচনকে ভন্ডুল এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করতে এই নারকীয় কাজটি করেছে।”

পুরানো খবর:

মেট্রোরেল স্টেশনে লাগেজ স্ক্যানার, আর্চওয়ে চায় ডিএমপি
মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতায় জড়িতদের ‘শনাক্ত করেছে’ ডিবি
ট্রেনে আগুন: হত্যার অভিযোগে মামলা, আসামি ‘অজ্ঞাত’

জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ডিবি কাজ করছে জানিয়ে তিনি বলেন, “সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে।”

নাশকতার একাধিক ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে ডিএমপির ডিবি প্রধান বলেন, “কেউ কেউ আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তারাই এখন নতুন করে ট্রেনে আগুন লাগিয়ে পুড়িয়ে মানুষকে হত্যা করছে।”

একই দিনে বৃহস্পতিবার দুপুরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে বর্তমান পরিস্থিতিতে এবং সার্বিক বিষয়ের বিবেচনায় মেট্রোরেল স্টেশনে লাগেজ স্ক্যানার, আর্চওয়ে এবং বিস্ফোরক জাতীয় পদার্থ শনাক্তের মেশিন রাখার সুপারিশ করেন ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন।

মেট্রোরেল ঢাকায় চলাচল ও জীবনকে সহজ করেছে মন্তব্য করে পুলিশ কর্মকর্তা বলেন, “সেই মেট্রোরেলকে আমাদের নিরাপদ রাখা প্রয়োজন।”

মেট্রোরেলে নাশকতার আশঙ্কা থেকে এই বাড়তি আয়োজন চাইছেন কি না, এই প্রশ্নে মহিদ বলেন, “নিরাপত্তার বিষয়টি যে কোনো জায়গায় বিবেচনায় রাখা উচিত। নাশকতাকারীরা আগাম তথ্য দিয়ে কোনো অপরাধ করে না। এ মহূর্তে হামলার কোনো তথ্য না থাকলেও আমরা প্রতিটি স্থানে নিরাপত্তা পর্যাপ্ত বাড়াচ্ছি।”

আরও পড়ুন:

পুরানো খবর:

নিরাপদ ভেবে ট্রেনে গেছিল পপি, হেইখানে মরল: আক্ষেপ বাবার
‘আগুন দেখে ট্রেন থামানোর সিদ্ধান্ত নিই, নইলে বিপদ বাড়ত’
সন্তানকে বুকে জড়িয়ে পুড়ে অঙ্গার পপি, মর্গেও একসঙ্গে