ময়মনসিংহের ১৩ পত্রিকায় হুবহু ‘কপি-পেস্ট’, নোটিস
পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠার সবগুলো নিউজ হুবহু কপি করা।
ময়মনসিংহ থেকে প্রকাশিত স্থানীয় ১৩টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় দুটি পৃষ্টা হুবহু ‘কপি-পেস্ট’ করে প্রকাশ করায় প্রকাশক ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা শনিবার বলেন, বুধবার জেলা প্রশাসন কার্যালয় থেকে এ নোটিস জারি করা হয়েছে। পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় সবগুলো নিউজ হুবহু কপি করে পত্রিকা প্রকাশ করার জন্য তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে চিঠি দেওয়া হয়েছে।
নোটিসে বলা হয়, চলতি বছরের ৩০ মার্চ থেকে ১৩ এপ্রিলের মাঝে সাত দিনের ভিন্ন ভিন্ন পত্রিকায় একই দিনে একই সংবাদ একই হেডিংয়ে দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত হয়।
চিঠি পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে সশীরে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ব্যাখ্যাসহ জবাব দাখিল করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিসে বলা হয়েছে।
স্থানীয় এ পত্রিকাগুলো হল- মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মূখপত্র, আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, মো. আফসর উদ্দিন সম্পাদিত দৈনিক সবুজ, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, এম এ মতিন সম্পাদিত দৈনিক নিউ টাইমস, ফরিদা ইয়াসমীন সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ, বিকাশ রায় অ্যাডভোকেট সম্পাদিত সাপ্তাহিক পরিধি।
সংশ্লিষ্ট পত্রিকাগুলোর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ১৩টি পত্রিকায় ডিক্লারেশনের সময় ভিন্ন ভিন্ন প্রেসের নাম দেওয়া হলেও স্থানীয়ভাবে একই প্রেসে ছাপানো হয়। যে কারণে দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠার ছাপা হুবহু মিল রয়েছে।
দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলার সম্পাদক আ ন ম ফারুক শনিবার বলেন, “একই সংবাদ, একই শিরোনাম হওয়ার কথা না। তবে যারা কম্পিউটারে কাজ করেন তাদের ভুলে এমনটি হলে হতেও পারে।
এখনও নোটিস পাননি তুলে ধরে তিনি বলেন, “তবে বিষয়টি নিয়ে সম্পাদকদের মধ্যে আলোচনা হয়েছে। একসঙ্গে গিয়ে আমরা জবাব দেব। এমন ঘটনা বিগত সময়ে হয়নি, এর পেছনে কেউ রয়েছে। এখন থেকে আমরা এসব বিষয়ে সতর্ক থাকব।”
দৈনিক সবুজের নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন রায়হান শনিবার বিকালে বলেন, “আজকে আমরা নোটিস পেয়েছি। আগামীকাল (রোববার) গিয়ে জবাব দেব। বিনোদন, স্বাস্থ্য এবং খেলাধুলার পাতা এক হতেই পারে। এতে দোষের কিছু দেখছি না।”
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা বলেন, “আমরা লক্ষ্য করেছি, ময়মনসিংহের স্থানীয় এ পত্রিকাগুলোর ভেতরের পাতা হুবহু কপি-পেস্ট করা। অনেক পত্রিকা আছে যারা কোনো একটি নিউজ কিছুটা পরিবর্তন করে তাদের পত্রিকায় দিয়ে থাকে।
“কিন্তু এখানে বিষয়টা ভিন্ন। তাদের পত্রিকাগুলোতে ফটোকপির মত পুরো পৃষ্ঠাই কপি করে চালিয়ে দেওয়া হচ্ছে। এসব পত্রিকার সম্পাদক এবং প্রকাশকদেরকে আমরা নোটিস করেছি। তাদের কাছে আমরা এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আশা করছি।”
