২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল বাজেট অধিবেশন

রোজার মধ্যে ঢিমেতালের সংসদে ব্রাজিলের গম, দুর্নীতির অভিযোগ, সরকারের শরিক নেতাদের ক্ষোভ ও এইচ এম এরশাদের বক্তব্য নিয়ে সাময়িক উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল বাজেট অধিবেশন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 07:24 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

গত ১ জুন দশম সংসদের ষষ্ঠ অধিবেশন শুরুর পর ৪ জুন নতুন অর্থবছরের জন্য প্রায় তিন লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ৩০ জুন তা পাস হয়।

বুধবার বিকেলে অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সমাপনী বক্তব্যে তিনি সংসদ সদস্যসহ দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান এবং দেশ ও জতির সমৃদ্ধি কামনা করেন।

সংসদ পরিচালনায় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার। 

অধিবেশন শুরুর দিন কার্য উপদেষ্টা কমিটি ৯ জুলাই পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়। তবে এর ১ দিন আগেই অধিবেশনের সমাপ্তি টানেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

অধিবেশনে প্রশ্নোত্তর, অনির্ধারিত আলোচনা ও বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখার সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার জোটের সমালোচনাও করেন।

ব্রাজিল থেকে চারশ কোটি টাকায় ‘পচা গম’ আমদানির অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে এই অধিবেশনে দুই দফা বক্তব্য দিতে হয় খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে।

তিনি দাবি করেন, পত্রিকায় পোকাসহ গমের যে ছবি ছাপা হচ্ছে তা ব্রাজিল থেকে সরকারের আমদানি করা গম নয়। ‘দেখতে খারাপ’ হলেও ওই গম ‘খাওয়ার উপযোগী’ এবং এর মান নিয়ে তিনি সন্তুষ্ট বলে সংসদকে জানান মন্ত্রী।

দলের মধ্য থেকে ‘বাধা’ পাওয়ায় হল-মার্ক জালিয়াতির আসামি সব ব্যাংক কর্মকর্তাদের ধরা যাচ্ছে না বলে বাজেট আলোচনায় হতাশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বতন্ত্র ও ক্ষমতাসীন দলের একাধিক সংসদ সদস্য আর্থিক খাতের দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

নারীর প্রতি সহিংসতা রোধে ‘যথাযথ পদক্ষেপ’ নেওয়া হয়নি মন্তব্য করে সরকারের কঠোর সমালোচনা করেন সরকারের শরিক নেতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ধর্ষণের রঙ্গমঞ্চ হয়ে দাঁড়িয়েছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, এ ধরনের একটি স্পর্শকাতর বিষয়ে আমরা সঠিকভাবে ব্যবস্থা নিতে পারিনি।”

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ দেশের শীর্ষ পদে থাকা নারীদের ‘শো পিস’ বলায় তীব্র প্রতিক্রিয়া দেখা নারী সংসদ সদস্যরা।

স্বামীর ওই বক্তব্যের জন্য সংসদে দাঁড়িয়ে ক্ষমা চান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এরশাদের ওই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেন স্পিকার।

এর এক সপ্তাহ পর জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ সংসদে বলেন, ভুল করলে ক্ষমা চাইলে তিনি চাইবেন। এর এখতিয়ার আর কারও নেই। তার কথার জন্য রওশনের দুঃখ প্রকাশ করে দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে অনুরোধ করেন তিনি।

অধিবেশনের শেষ দিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে জানান, সরকারবিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় বিএনপিনেত্রী খালেদা জিয়া ও তার সহযোগীদের বিচারের জন্য সরকার সন্ত্রাস বিরোধী আইনে ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করছে।

২৬ কার্যদিবসের এ অধিবেশনে মোট পাঁচটি বিল পাস হয়। কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে ১৬০টি নোটিশ পাওয়া যায়; এর মধ্যে গ্রহণ হয় ছয়টি।

প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ২৯২টি প্রশ্ন আসে, এর মধ্যে তিনি ৬৩টি প্রশ্নের উত্তর দেন।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য মোট ৪ হাজার ১২২ টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে উত্তর মিলেছে ২ হাজার ৮৭৮টির।

এবার বাজেটের ওপর মোট ৫৮ ঘণ্টা আলোচনা হয়। ২০৬ জন সংসদ সদস্য অংশ নেন ।