২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় শোনানো হল ফাঁসির আসামি কামারুজ্জামানকে

যুদ্ধাপরাধে ফাঁসির রায় পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায় তাকে পড়ে শোনানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 07:01 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

পুরনো খবর:

‘কামারুজ্জামানের দাফন শেরপুরে নয়’
‘শেষ দেখা’ ভাবছে না কামারুজ্জামানের পরিবার
সোহাগপুরের ‘অপেক্ষার অবসান হচ্ছে’
রায়ের কপির জন্য আটকে আছে ফাঁসি
লাল সালুতে মোড়া কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে
‘নাৎসিদের চেয়েও ভয়ঙ্কর’ কামারুজ্জামান
কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশ
চূড়ান্ত রায়েও কামারুজ্জামানের ফাঁসি
কামারুজ্জামানের ফাঁসির আদেশ

দুই দিন অপেক্ষার পর আপিল বিভাগের ওই রায়ের অনুলিপি বুধবার বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। কারা কর্তৃপক্ষ এরপর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্রাণভিক্ষার আনুষ্ঠানিকতা শুরু করে।

প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চের সদস্যরা বিকালে ৩৬ পৃষ্ঠার এই রায়ে সই করেন। এ বেঞ্চের বাকি তিন সদস্য হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

বিচারকদের সইয়ের পর বিকাল ৩টার দিকে রায় সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছায়। সেখান থেকে বিকাল ৫টার আগে আগে অনুলিপি যায় ট্রাইব্যুনালে। 

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (২) মো. সাব্বির ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়ের অনুলিপি ট্রাইব্যুনাল ছাড়াও স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।

রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার আফতাবুজ্জামান ওই নথি ট্রাইব্যুনাল-২ এর বিচারকদের কাছে উপস্থাপন করেন। আদালতের নির্দেশনা পেয়ে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে তা পৌঁছে দেন পৌনে ৬টায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী আসামি মুহাম্মদ কামারুজ্জামানকে তা পড়ে শোনান।

এরপর তিনি কারা মহা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিনের সঙ্গে দেখা করে আবার কারাগারে ফিরে আসেন। 

কামারুজ্জামানের অন্যতম আইনজীবী শিশির মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা কারাগারে এই জামায়াত নেতার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছেন। এখন কারা কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় আছেন।     

“শুনেছি রায় তাকে পড়ে শোনানো হয়েছে। এখন আমরা তার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছি। দেখা করার আগে তো বলা যাচ্ছে না তিনি প্রাণভিক্ষা চাইবেন কি না।”  

একাত্তরে হত্যা, গণহত্যা ও নির্যাতনের পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায়  ২০১৩ সালের ৯ মে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের রায় দেয়।

মুক্তিযুদ্ধ চলাকালে আল বদর বাহিনীর ময়মনসিংহ জেলা শাখার প্রধান কামারুজ্জামান ‘যেভাবে এসব অপরাধ ঘটিয়েছেন,তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে সুবিচার হবে না’ বলে রায়ে বলা হয়।

কামারুজ্জামান ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৪ সালের ৩ নভেম্বর সর্বোচ্চ আদালতও মৃত্যুদণ্ড বহাল রাখে।

শেরপুরের নালিতাবাড়ি থানার সোহাগপুর গ্রামে ১৯৭১ সালে ১২০ জন পুরুষকে বাড়ি থেকে ধরে এনে হত্যার ঘটনায় কামারুজ্জামানের ফাঁসির রায় আসে।

এর সাড়ে তিন মাস পর গত ১৮ ফেব্রুয়ারি আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়। তখনই মৃত্যু পরোয়ানা জারি করে কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়।

এরপর কামারুজ্জামান ওই রায় পুনর্বিবেচনার আবেদন করলে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গত সোমবার তা খারিজ করে দেয়। বিচারিক কার্যক্রমের চূড়ান্ত নিষ্পত্তিতেও ফাঁসির সিদ্ধান্ত বহাল থাকে। 

নিয়ম অনুযায়ী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারেন। তিনি আবেদন করলে  রাষ্ট্রপতি তা বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন।

ওই আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে অথবা কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন না করলে সরকার কারা কর্তৃপক্ষের মাধ্যমে দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে বলে আগেই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি কারা কর্তৃপক্ষ নিয়ে রেখেছে।

২০১৩ সালের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধে প্রথম ব্যক্তি হিসেবে কাদের মোল্লার  ফাঁসি কার্যকরের ক্ষেত্রেও এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। তবে সে সময় কাদের মোল্লা প্রাণভিক্ষার আবেদন করেননি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

সোমবার আপিল বেঞ্চে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হওয়ার পরই দণ্ড কার্যকর নিয়ে আলোচনা শুরু হয়। কারা কর্তৃপক্ষের চিঠি পেয়ে ওইদিনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা।

আপিল বিভাগের রায়ের পর থেকেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে ঢাকায় এনে এ কারাগারে রাখা হয়েছে।

পাকিস্তানি সেনাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে কামারুজ্জামান এদেশের মানুষের ওপর যে নির্যাতন, হত্যাকাণ্ড চালিয়েছেন তার জন্য শেরপুরে তার লাশ নেওয়া ঠেকানোর ঘোষণা দিয়েছেন তার স্ত্রীর বড় ভাই মুক্তিযোদ্ধা আবু সালেহ নুরল ইসলাম হিরু।