২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগপুরের ‘অপেক্ষার অবসান হচ্ছে’

যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বাতিলের আবেদন (রিভিউ) খারিজ হয়ে যাওয়ায় শেরপুরের নালিতাবাড়ির সোহাগপুর গ্রামের বিধবাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 01:31 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

পুরনো খবর:

‘শান্তি এল’ সোহাগপুরে

সোমবার আপিল বিভাগের ওই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেছেন, “প্রত্যাশিত যে রায় তাই বহাল রয়েছে। এ রায়ে আমরা আগের মতোই আনন্দিত, আমরা খুশি।”

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানের ফাঁসির আদেশ দেয়। গতবছর ৩ নভেম্বর আপিল বিভাগের রায়েও ওই দণ্ড বহাল থাকে।

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সোহাগপুরে ১২০ জন পুরুষকে ধরে নিয়ে হত্যার দায়ে একাত্তরে ময়মনসিংহের আল বদর নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের এই রায় আসে।

এক গ্রামে একসঙ্গে এতজন পুরুষকে হত্যার পর গ্রামের অধিকাংশ নারীকে অকালে বৈধব্য নিতে হয়েছিল বলে সোহাগপুর ‘বিধবাদের গ্রাম’ হিসেবে পরিচিত হয়ে ওঠে।

কামারুজ্জামান আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলে সোমবার তাও খারিজ হয়ে যায়। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ সকালে এই রায় ঘোষণা করে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরীন আফরোজ রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “দেরিতে হলেও ন্যায়বিচার হয়েছে। সোহাগপুরের গণহত্যার যে অভিযোগ ছিল তাতে সত্যের পক্ষে রায় হয়েছে।”

তুরীন বলেন, “সোহাগপুরের অনেকে আজ বেঁচে নেই। কিন্তু সোহাগপুরবাসীর ৪৩-৪৪ বছরের অপেক্ষার অবসান হয়েছে।”

বাংলাদেশেও যে ‘সুবিচার হয়’- আপিল বিভাগের আদেশের মধ্যে সেটাই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

তিনি বলেন, “বিচারের সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সময় দেওয়া হয়েছে। তারপর রায় হয়েছে। বাংলাদেশ যে বর্বর দেশ নয়, এখানে যে মানুষের সুবিচার পাওয়া যায়, সে বিষয়গুলো আজ বাংলাদেশ দেখিয়েছে।”

এই রায়ে দেশের মানুষ, বিশেষ করে মুক্তিযোদ্ধারা ‘আনন্দিত’ মন্তব্য করে তিনি বলেন, “এত বড় আনন্দের মুহূর্ত কমই আছে। আমি ওই এলাকায় যুদ্ধ করেছি। এই ঘাতক, রাজাকার কামান্ডার কামারুজ্জামান বহু মানুষকে হত্যা করেছে। বিশেষ করে বিধবাপল্লী সোহাগপুরে। ওখানে যারা বেঁচে আছেন তারা দোয়া করছেন। চোখ দিয়ে পানি ঝরছে।”

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, রিভিউ খারিজ হয়ে যাওয়ায় কামারুজ্জামান অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি তা বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন।

ওই আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে অথবা কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন না করলে সরকার কারা কর্তৃপক্ষের মাধ্যমে দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।