শনিবার বাংলাদেশে শোক, সৌদি যাচ্ছেন রাষ্ট্রপতি
সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একই দিনে সৌদি আরবে যাচ্ছেন বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে শনিবার সারা দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
সেইসঙ্গে ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন করা হবে। তবে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রাষ্ট্রপতি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন।”
রোববার রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে রয়েছে বলে জানান তিনি।
বেশ কিছুদিন ধরে অসুস্থ সৌদি বাদশাহ আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুক্রবার ভোরে এক সরকারি ঘোষণায় জানানো হয়। বলা হয়, তার বয়স হয়েছিল ৯০ বছর।
সৎ ভাই বাদশাহ ফাহাদের মৃত্যুর পর ২০০৫ সাল থেকে তিনি আরবের তেলসমৃদ্ধ এই দেশটি শাসন করে আসছিলেন।
তার মৃত্যুর পর সৎ ভাই ৭৯ বছর বয়সী সালমান বিন আব্দুল আজিজ আল-সউদকে সৌদি আরবের নতুন বাদশাহ ঘোষণা করা হয়েছে।
বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ এক বার্তায় বলেন, “তার মৃত্যু সৌদি আরবের রাজ পরিবার, মুসলিম উম্মাহ ও পুরো বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি।”
তিনি বাংলাদেশ ও সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের প্রতি বাদশাহর ‘সদয় আচরণের’ কথা স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ একজন শুভাকাঙ্ক্ষী হারিয়েছে।
প্রয়াত বাদশাহর আত্মার শান্তি কামনার পাশাপাশি সৌদি রাজপরিবার ও তার দেশের জনগণের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
