বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সউদের মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
ফাইল ছবি
তার মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে রাষ্ট্রপতি হামিদ বলেন, “তার মৃত্যু সৌদি আরবের রাজ পরিবার, মুসলিম উম্মাহ ও পুরো বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি।”
বাংলাদেশের প্রতি এবং সৌদিতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের প্রতি বাদশাহর ‘সদয় আচরণের’ কথা স্মরণ করেন রাষ্ট্রপতি।
“তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং বেহেশত নসিবের জন্য আমি ও বাংলাদেশের জনগণ দোয়া করছি,” শোকবাণীতে বলেন তিনি।
সৌদি বাদশাহর মৃত্যুতে শোক জানিয়ে অপর এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ একজন শুভাকাঙ্ক্ষী হারিয়েছে।
ফাইল ছবি
তার মৃত্যুতে ‘অপূরণীয়’ ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রয়াত বাদশাহর আত্মার শান্তি কামনার পাশাপাশি সৌদি রাজপরিবার ও তার দেশের জনগণের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন আব্দুল্লাহ। তার বয়স ৯০ বছর হয়েছিল বলে বলা হয়ে থাকে।
তার মৃত্যুর পর ছোট ভাই ৭৯ বছর বয়সী সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ নতুন বাদশাহ হিসেবে দায়িত্ব নিয়েছেন।
